নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রামের পর এবার প্রান্তিক পর্যায়ে চুয়াডাঙ্গায় গরু মেলার আয়োজন করছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে শুক্রবার সকাল থেকে দুদিন ব্যাপী এ মেলায় অংশ নিয়েছেন সারাদেশে তিন হাজারেরও বেশি খামারি। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই ত্রি-জেলার গরু মেলা ঘিরে গ্রামীণ জনপদের খামারিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও প্রস্তুতির কমতি নেই। নিজের সবচেয়ে আকর্ষণীয় গরু ইতোমধ্যে মেলায় নিয়ে এসেছেন খামারিরা।
তৃণমূলের খামারিদের উৎসাহ দেওয়া, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ এবং তাদের দুঃখ-দুর্দশা তুলে ধরতেই গরু মেলার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। শেষ দিন শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), বিশেষ অতিথি থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।
মেলায় উঠছে ২৫০টি আকর্ষণীয় গরু। গরু কেনাবেচার পাশাপাশি খামারিরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন। বিকেলে থাকছে জমকালো র্যাম্প শো ও আকর্ষণীয় পুরস্কার। কম দামে গরুর সুষম খাদ্য তৈরি ও জাত উন্নয়নবিষয়ক দুটি প্রশিক্ষণ পরিচালনা করবেন বিশেষজ্ঞরা।
ডেইরি খাতে দেশের সবচেয়ে বড় সংগঠন বিডিএফএ। সারাদেশে ৫০ হাজারেরও বেশি খামারি এ সংগঠনের সদস্য। প্রতি বছর প্রাণী প্রদর্শনী ও খামারি সম্মেলনের আয়োজন ছাড়াও এ খাতের নানা দাবি নিয়ে সরব থাকে বিডিএফএ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র খামারিদের সুখ-দুঃখ সেভাবে উঠে আসে না। এ মেলার মাধ্যমে খামারিরা নীতি নির্ধারকদের কাছে তাদের সমস্যা তুলে ধরবেন। এ ছাড়া সারাদেশের খামারিদের সঙ্গে শক্ত মেলবন্ধন তৈরির জন্যই এমন আয়োজন করা হয়েছে।











































