Home Uncategorized প্রধানমন্ত্রী খুলনায় আসছেন ১৩ নভেম্বর, বড় প্রস্তুতি নিচ্ছে আ. লীগ

প্রধানমন্ত্রী খুলনায় আসছেন ১৩ নভেম্বর, বড় প্রস্তুতি নিচ্ছে আ. লীগ

66

স্টাফ রিপোর্টার।।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আসছেন আগামী ১৩ নভেম্বর। ওই দিন দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ওই জনসভাকে ঘিরে বিশাল শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজনৈতিক সংকটময় মুহূর্তে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে নিজেদের জনসমর্থনের জানান দিতে চায় দলটি। মনোনয়ন প্রত্যাশীরাও দলীয় প্রধানসহ কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে নিচ্ছেন নানা প্রস্তুতি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ নভেম্বর খুলনায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সফরসূচি পরিবর্তন হয়ে প্রথমে ১১ নভেম্বর ও পরে ১৩ নভেম্বর চূড়ান্ত হয়েছে। ১৩ নভেম্বর দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য গত প্রায় ১০ দিন ধরে খুলনায় মহানগর, জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা, বর্ধিত সভা ও কর্মীসভা করছে। খুলনা অঞ্চলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিভাবক হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি নিজে উপস্থিত থেকে প্রস্তুতি তদারকি করছেন। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা খুলনায় এসে প্রস্তুতি সভা করেছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আরও চার থেকে পাঁচ দিন আগে সার্কিট হাউজ মাঠে আবাহনী ক্রীড়া চক্রের সামনে নৌকার আদলে বিশালাকৃতির মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সার্কিট হাউজের আশপাশের সড়কগুলোতে কার্পেটিং করা হচ্ছে। সার্কিট হাউজের চারপাশের ড্রেনের কাভারগুলো রঙ করা হচ্ছে। সার্কিট হাউজ মাঠে এনে রাখা হয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ টয়লেট।

নগরীর কে ডি ঘোষ রোড, লোয়ার যশোর রোড, হাজী মহসীন রোড, খুলনা-যশোর মহাসড়ক, কে ডি এ এভিনিউসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশ’ তোরণ। এখনও তোরণ তৈরি করাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা। সেই সঙ্গে নেতাদের প্যানা ও বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। আগের তুলনায় আরও সরব হয়ে উঠেছে দলীয় কার্যালয়গুলো। নগরীর গুরুত্বপূর্ণ মোড় এবং প্রধান প্রধান সড়কদ্বীপে আলোকসজ্জা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, জনসভায় খুলনা বিভাগের ১০ জেলার ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। সার্কিট হাউজ মাঠ পরিপূর্ণ হওয়ার পর আসা নেতা-কর্মীরা আশপাশের সড়কগুলোতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। জনসভাস্থল ও আশপাশের এলাকাগুলোতে মাইক দেয়া হবে। ওই দিন রাজপথে নেতা-কর্মীদের ঢল নামবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, হরতাল-অবরোধে জনসভা করতে কোনো অসুবিধা হবে না। বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধ দিয়ে জনসভায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্রোত ঠেকাতে পারবে না। জনসভা পরিণত হবে জনতার মহাসমুদ্রে।

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সার্কিট হাউজ মাঠের জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। জনসভা সফলে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

খুলনা সদর ও সোনাডাঙ্গা আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল বলেন, সর্বকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

আওয়ামী লীগ নেতারা জানান, সাতটি উপ-কমিটি গঠন করে প্রস্তুতিমূলক কাজ চলছে। প্রধানমন্ত্রীর জনসভা সফলের জন্য সব জায়গায় মাইকিং করা হবে। পোস্টার লাগানোর কাজ চলছে। সার্কিট হাউজ মাঠের আশপাশে বেশ কয়েকটি স্থানে প্রজেক্টরে প্রধানমন্ত্রীর ভাষণ দেখানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। নিজস্ব স্বেচ্ছাসেবকদের তালিকা তৈরি করা হচ্ছে। সড়ক, নৌ ও রেলপথে নেতা-কর্মীদের আনার প্রস্তুতি নিচ্ছেন তারা। রোববার থেকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল করা হবে। দলের নারী কর্মীদের জন্য ৩ লাখ ক্যাপ প্রস্তুত করা হচ্ছে।

 

এদিকে প্রচার-প্রচারণার প্রতিযোগিতায় নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে তারা বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।

খুলনা-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, তিনি ইতোমধ্যে ৩৫টি তোরণ তৈরি করিয়েছেন। জনসভায় নেতা-কর্মীরা এক রঙের টি-শার্ট-ক্যাপ পরে আসবে। নেতা-কর্মীদের জন্য খাবার পানির ব্যবস্থা করা হবে।

খুলনা-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ জানান, তিনি নেতা-কর্মীদের এক কালারের ক্যাপ ও টি-শার্ট দেবেন। তারা সেগুলো পরে জনসভায় যোগ দেবে।

প্রসঙ্গত, এর আগে গত ৬ জানুয়ারি ব্যক্তিগত সফরে খুলনা এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন এবং নগরীতে চাচার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ জনসভায় এসেছিলেন।