ঢাকা অফিস।।
আজ থেকে ফের সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো একযোগে আজ সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার ৭২ ঘণ্টার অবরোধ শেষে নতুন এই কর্মসূচি দেয় দলগুলো।
আজ থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আরো কঠোরভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে কথা বলে জানা গেছে, এই অবরোধ আরো বাড়বে। এক দিন বিরতি দিয়ে এ সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারও হরতাল কিংবা অবরোধের কর্মসূচি আসতে পারে। কর্মসূচি আগামী সপ্তাহেও গড়াতে পারে।
এ দিকে ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে এক দফার চলমান আন্দোলনকে আরো চাঙ্গা ও গতিশীল করতে নতুন কৌশল গ্রহণ করেছে যুগপৎ আন্দোলনের শরিক জোটগুলো। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে আগামীতে রাজপথে কর্মসূচি বাস্তবায়নে একে অপরকে সর্বোতভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিএনপির সাথে আলোচনা সাপেক্ষে গত দুই দিনে নিজেদের মধ্যে একাধিক বৈঠক করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে যুগপতের শরিক জোটগুলো। জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী যুগপতের শরিকরা এখন থেকে একই দিনে একই সময়ে কাছাকাছি দূরত্বে অবস্থান নিয়ে জোটের নিজ নিজ ব্যানারে এক দফার কর্মসূচি বাস্তবায়ন করবে।
জোট নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকার এক তরফা নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় থাকতে বিরোধী দলগুলোর জনসম্পৃক্ত আন্দোলন কঠোরভাবে দমনের পথ অবলম্বন করেছে। এমন পরিস্থিতিতে রাজপথে কর্মসূচি বাস্তবায়নে তাদেরকেও কৌশল পরিবর্তন করতে হয়েছে। জোটগুলো এখন একই সময়ে কাছাকাছি দূরত্বে রাজপথে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সরকারি দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কর্মসূচিতে কোনো হামলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সবাই মিলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।
জানা গেছে, বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য এবং গণফোরাম (মন্টু) এবং বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) কর্মসূচি বাস্তবায়নে নতুন এই উদ্যোগের সাথে একমত হয়েছে। আর সুষ্ঠুভাবে আন্দোলন পরিচালনার লক্ষ্যে শিগগিরই যুগপতের জোটগুলোর সমন্বয়কারীদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। আগামী দুই-এক দিনের মধ্যে নতুন এই সিদ্ধান্তের আলোকে কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামবেন যুগপতের শরিক জোটগুলো।
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু যুগপতের জোটগুলোর নতুন এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা। তিনি বলেন, এক দফা দাবিতে বিএনপি ও যুগপতের শরিকরা যখন জনগণকে সাথে নিয়ে চূড়ান্ত ধাপের আন্দোলনে নেমেছে, তখন সেই আন্দোলন দমাতে সরকার হামলা-মামলা, গ্রেফতার ও অত্যাচার-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চলমান আন্দোলনকে আরো চাঙ্গা ও গতিশীল করতে শরিক জোটগুলোর সমন্বয়ে নতুন উদ্যোগ নেয়া হয়েছে।











































