Home আন্তর্জাতিক গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলা, নিহত ১৫

গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলা, নিহত ১৫

8

 

অনলাইন ডেস্ক।।

গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল-ফাকুরা স্কুলে ইসরায়েলের বোামা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। বিদ্যালয়টিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর বিবিসির

উনরোয়ার জনসংযোগ কর্মকর্তা জুলিয়েট তোমা বলেছেন, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে কতজন মারা গেছে তা এখনও নিশ্চিত নয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যালয়টিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গোলা নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি তাবুতে আঘাত হেনেছে যেখানে কয়েকটি পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছে। অন্য একটি গোলা বিদ্যালয়ের ভেতরে আঘাত হানে। তাছাড়া এক ফিলিস্তিনি নারী রুটি বানাচ্ছিলেন- সেখানে একটি গোলা আঘাত হেনেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, সেখানে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানও চালাচ্ছে দেশটি। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯ হাজার ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।