- সফল হওয়ার আশা নেতাদের
৪৮ ঘণ্টা অবরোধের পর একই কর্মসূচি আসছে
ঢাকা অফিস।।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের চূড়ান্তপর্যায়ে এসে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে বিএনপি। গত ২৮ অক্টোবরে রাজধানীতে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলটির ওপর একধরনের ক্রাকডাউন চলছে। শীর্ষ নেতারা একে একে গ্রেফতার হচ্ছেন। কেউ আসতে পারছেন না প্রকাশ্যে। দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। সারা দেশে নেতাকর্মীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে পাঁচ সহস্রাধিক। এসবের মধ্যেও অবরোধ কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে দলটি। নেতারা বলেছেন, তারা রাজপথে থেকেই চলমান পরিস্থিতি অতিক্রমের চেষ্টা করছেন। এক দফার আন্দোলন ‘অচিরেই’ সফল হবে।
দলটির নেতারা বলেছেন, গত ২৮ ডিসেম্বর পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিএনপিকে অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। তারা ধাপে ধাপে আন্দোলন এগিয়ে নেয়ার যে পরিকল্পনা এঁটেছিলেন, তা ভেস্তে গেছে। কঠোর কর্মসূচি তাদের পরিকল্পনায় ছিল, তবে তা কিছুটা আগেই ভিন্ন পরিস্থিতিতে অবিকল্প হিসেবে সামনে চলে এসেছে। এখন তাদের আর পেছনে ফেরার পথ নেই।
দলটির দাবি, জনগণের সমর্থনে হরতাল এবং সদ্য শেষ হওয়া অবরোধ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে; যা দাবি আদায়ে বিএনপিকে টানা কর্মসূচি দিতে অনুপ্রাণিত করছে। এমন পরিস্থিতিতে আন্দোলন সফল হবে- সেই আশা থেকে আগামীকাল রোববার সকাল থেকে দেশব্যাপী ফের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। এ কর্মসূচি আরো কঠোরভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড।
বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে কথা বলে জানা গেছে, এই অবরোধ আরো বাড়বে। তবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (মঙ্গলবার) কোনো কর্মসূচি নাও থাকতে পারে। এরপর বুধ ও বৃহস্পতিবার ফের হরতাল কিংবা অবরোধের কর্মসূচি আসতে পারে। এ কর্মসূচি আগামী সপ্তাহেও গড়াতে পারে। তখন সপ্তাহজুড়ে টানা অবরোধের ডাক দেয়া হতে পারে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে চায় বিএনপির হাইকমান্ড।
চূড়ান্ত ধাপের আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। কর্মসূচি শান্তিপূর্ণ হবে- সারা দেশের নেতাকর্মীদের কাছে হাইকমান্ডের পক্ষ থেকে এমন নির্দেশনাও দেয়া হয়েছিল। কিন্তু পুলিশের সাথে সংঘর্ষের পর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালিয়ে শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করে দিয়েছিল এবং এটি ছিল পূর্বপরিকল্পিত। এর প্রতিবাদে পরদিন গত রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। হরতাল কর্মসূচি শেষে মঙ্গলবার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি। মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির দাবি, তাদের কর্মসূচি সফলভাবে এগোচ্ছে। সরকারের শতচেষ্টা সত্ত্বেও অবরোধে সড়কপথে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। ঢাকার ভেতরেও সাধারণ মানুষ সরকারের প্রতি অনাস্থা দিয়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়নি। এ ছাড়া ধরপাকড়ের মধ্যেও নেতাকর্মীরা মাঠে রয়েছে। সারা দেশে কর্মসূচি পালনের চেষ্টা করেছে। বর্তমান কঠিন পরিস্থিতিতেও এ বিষয়টি আন্দোলন সফলে দলটিকে আশাবাদী করে তুলেছে। বিএনপির কিছু কিছু নেতা বলছেন, হরতাল-অবরোধের কর্মসূচিতে তারা যে সাড়া পেয়েছেন, তাতে আশাবাদী যে- অচিরেই আন্দোলনের ফল ঘরে তুলতে পারবেন তারা।
এ দিকে আন্দোলন দমাতে সরকার গণগ্রেফতার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১টি মামলায় এক হাজার ৪৫ জনের অধিক নেতাকর্মীকে (এজাহারনামীয়সহ অজ্ঞাত) আসামি এবং ২৯২ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ২৮ অক্টোবর মহাসমাবেশ এবং মহাসমাবেশের পর হরতাল-অবরোধকে কেন্দ্র করে ১০৭টির অধিক মামলায় চার হাজার ৮৪৭ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার, তিন হাজার ৪৭৬ জনের অধিক নেতাকর্মী আহত এবং একজন সাংবাদিকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৮ জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপির কর্মসূচিকে ঘিরে ৫০০টির অধিক মামলায় ৩৭ হাজার ৯৮৫ জন আসামি, সাত হাজার ৫৩৭ জন গ্রেফতার, পাঁচ হাজার ৭৬৯ জনের অধিক নেতাকর্মী আহত এবং একজন সাংবাদিকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৭টি মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ১১১ জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবুর রহমান সরোয়ার, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে দলের হাইকমান্ডের পক্ষ থেকে এখন আন্দোলনের সার্বিক বিষয় মনিটরিং করা হচ্ছে। ফলে শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতারা গ্রেফতার হলেও চলমান আন্দোলনে কোনো ছন্দপতন হবে না বলে দাবি বিএনপি নেতাদের। জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকে এগিয়ে নিতে নেতাকর্মীদের সর্বতোভাবে গ্রেফতার এড়িয়ে কর্মসূচি সফলের নির্দেশনা দেয়া হয়েছে। তার পরও যারা গ্রেফতার হচ্ছেন তাদের স্থলে কমিটির পরবর্তী জনকে দায়িত্ব দেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও দলের ‘চেইন অব কমান্ড’ ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকা যেসব নেতা গ্রেফতার হয়েছেন, তাদের জায়গায় নতুন নেতৃত্ব দিতে শুরু করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফুটবলার আমিনুল হক কারাগারে থাকায় যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হককে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ছাড়া দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল গ্রেফতার হওয়ায় সিনিয়র সহসভাপতি মো: মোকাররম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল গ্রেফতার হওয়ায় প্রথম যুগ্ম সম্পাদক মো: ইলিয়াস হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু গ্রেফতার হওয়ায় প্রথম যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন গ্রেফতার হওয়ায় সদস্য মো: আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গ্রেফতার হওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সাধারণ সম্পাদক কারাগারে থাকায় সহসভাপতি কুতুব উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেফতার হওয়ায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর। নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন কারাগারে থাকায় আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঞ্জুর এলাহী কারাগারে থাকায় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ দিকে মহাসমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যে প্রতিক্রিয়া দিয়েছে, সেটিকে আন্দোলনের পথে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির দাবি, সহিংসতার ঘটনায় বিএনপিকে জড়ানোর চেষ্টা হলেও প্রকৃত ঘটনা বিদেশীরা ক্রমেই জেনে গেছে। বিএনপির মহাসমাবেশে হামলার ঘটনায় সরকার ও পুলিশকে দায়ী করে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ ঢাকাস্থ গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে দলটি। তা ছাড়া যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে বিভিন্ন সময় জানিয়েছে।
বিএনপির অভিযোগ, তাদেরকে বাইরে রেখে আবারো একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার। তবে এবার এমন নির্বাচন হলে সেটিকে আন্তর্জাতিক বিশ্ব অনুমোদন দেবে না বলে দাবি দলটির নেতাদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান চলমান পরিস্থিতি সম্পর্কে দলের অবস্থান তুলে ধরে বলেন, আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল রয়েছি। দাবি আদায়ে রাজপথে ছিলাম, রাজপথে আছি। জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা-হামলা, গ্রেফতার করে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না। তিনি বলেন, সরকার গণদাবিকে কোনো রকম তোয়াক্কা না করে সংবিধানের দোহাই দিয়ে আবারো একদলীয় সাজানো নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। আর এর বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণ আজ ঐক্যবদ্ধ। বিএনপির এই নেতা বলেন, সরকার আমাদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে উস্কানি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর ফন্দি নিয়েছে। এসব ধাপ্পাবাজি দিয়ে এবার দেশে-বিদেশে কাউকে আর বিভ্রান্ত করা যাবে না। সরকার পতনের এক দফা দাবিতে যে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে বলে জানান মঈন খান।











































