খুলনাঞ্চল ডেস্ক।।
অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে গত দুই সপ্তাহে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দির সংখ্যা দ্বিগুণ হয়ে ১০ হাজারের বেশি হয়েছে। ৭ অক্টোবরের আগে ইসরায়েলি কারাগারে প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি ছিল। খবর আলজাজিরার।
এই দিনই ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল। এর পর থেকেই গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, বন্দির সংখ্যা এখন ১০ হাজারের বেশি।
ফিলিস্তিনি কর্মকর্তা ও অধিকার গোষ্ঠীর মতে, গত দুই সপ্তাহে ইসরায়েল গাজা থেকে প্রায় ৪ হাজার শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসরায়েলে কাজ করতে গিয়েছিল। তাদেরকে সামরিক ঘাঁটিতে আটকে রাখা হয়েছে। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে রাতভর সেনা অভিযানে আরও ১ হাজার ৭০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
রামাল্লাভিত্তিক অ্যাডামির বন্দিদের অধিকার গোষ্ঠীর প্রধান সাহার ফ্রান্সিস বলেছেন, দিনে ২৪ ঘণ্টা গ্রেপ্তার চলছে। গাজার বেশির ভাগ মানুষকে দক্ষিণ নাকাব মরুভূমির বিয়ার আল-সাবের কাছে সেডে টাইম্যান নামক একটি সামরিক ঘাঁটিতে আটকে রাখা হয়েছে বলে জানান তিনি।











































