স্টাফ রিপোর্টার।।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব। সেনা মোতায়নের বিষয়ে এখনো আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নেইনি। আমরা বসব, যেটা মঙ্গলকর হবে, সুবিধা হবে, সেটা অবশ্যই আমরা করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।’
আজ রোববার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮-এর নির্বাচন দেখেছেন। হানড্রেট পারসেন্ট পারফেকশন কিন্তু কখনোই ছিল না। আমরা গ্যারান্টি দিয়ে বলছি, এ পর্যন্ত যা করেছি তাতে আমরা স্যাটিসফাইড, জনগণও স্যাটিসফাইড।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এ ধরনের নির্বাচন কি আগে কখনো হয়েছে? আপনারা বলবেন যে ‘না’, আমি জানি। সুতরাং, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। বাস্তবতাকে আমরা কিন্তু ধামাচাপা দিতে পারব না। বাস্তবতাকে ফেস করে সামনের দিনে সুন্দর একটা নির্বাচন ইনশাহ আল্লাহ আমরা উপহার দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যতই বোঝাই, আপনি যদি আমাকে রঙিন চশমা দিয়ে দেখেন, তাহলে আমাকে কিন্তু রঙিনই দেখবেন। আপনি যদি খালি চোখে দেখেন তাহলে কিন্তু আমি যা তা-ই দেখবেন।’
সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেনজীর আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











































