স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে ব্যক্তি মালিকানাধীন ভিশন এশিয়ান জুট মিলে অগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক শিকদার জানান, দুপুর ১২টার দিকে ভিশন এশিয়ান জুট মিলে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে খুলনার বয়রা, রূপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর পৌনে ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুনের সূত্রপাত কীভাবে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানাতে পারেননি।
তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কমিটি গঠন করা হবে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। তারা উৎসুক জনতার ভিড় সামাল দেন।
মিলটির ম্যানেজার অরুণ কুশারি দাবি করেন, মিলের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি মিলে পড়ে। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, প্রায় এক কোটি টাকার পাট পুড়ে ছাঁই হয়ে গেছে।











































