Home আঞ্চলিক ৭ হাজার প্লাস্টিক বোতলে পূজার তোরণ

৭ হাজার প্লাস্টিক বোতলে পূজার তোরণ

13

যশোর অফিস
যশোর শহরের বিমানবন্দর গোড়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির। দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের সামনে তৈরি করা হয়েছে তিন চালাবিশিষ্ট একটি তোরণ। তোরণটি শুধু নান্দনিক নয়, ব্যতিক্রমীও। এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ৭ হাজার পরিত্যক্ত প্লাস্টিকের বোতল।

এমন অভিনব তোরণ তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন মন্দির কমিটির সদস্যরা। যশোর শহরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন দলে দলে লোক আসছেন তোরণটি দেখতে।

আয়োজকরা বলছেন, প্লাস্টিকের বোতলে পবিবেশদূষণ হয়। পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতার বার্তা দিতেই এই তোরণ।

মন্দিরে দুর্গা, অসুর, গণেশসহ সব প্রতিমার গায়ের রঙেও আনা হয়েছে ভিন্নতা। এবার সবুজের আধিক্য বেশি।

সদরের চুড়ামনকাটির সুমন চক্রবর্ত্তী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে দৃষ্টিনন্দন নতুন নতুন প্রতিমা গড়া হয়। কিন্তু ফেলনা বোতল দিয়ে যে তোরণ করা যায়, তা গোড়াপাড়া সার্বজনীন পূজা মন্দিরে না দেখলে কারও বিশ্বাস হতো না। এটি দেখে তিনি মুগ্ধ, অভিভূত।

 

ব্যতিক্রমী এই তোরণ তৈরির প্রধান কারিগর সজীব দাস। তিনি বলেন, এই তোরণ তৈরিতে ৭ হাজার ২০১টি বোতল ব্যবহার করা হয়েছে। যার বেশির ভাগই সাদা। প্রায় ৬ মাস ধরে তারা বোতলগুলো সংগ্রহ করেন। তোরণটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা।

গোড়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি ভরত দাস বলেন, প্রতিবারই সবার চেয়ে একটু আলাদা কিছু করার চেষ্টা করি। এবারের চেষ্টা ছিল শুধু যশোর নয়, সারাদেশের মধ্যেই যেন তোরণটি ব্যতিক্রমী হয়। তিনি বলেন, প্লাস্টিকের বোতলে পবিবেশদূষণ হয়। পরিবেশদূষণ সম্পর্কে সচেতনতার বার্তা দিতেই এই তোরণ। পূজা শেষে প্লাস্টিকের বোতলগুলো ধ্বংস করা হবে।