খেলা ডেস্ক।।
দুর্দান্ত জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই দারুণ জয় দিলে নেয় বাবর আজমের দল। কিন্তু তারপরই ছন্দপতন হয় ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নদের। টানা দুই পরাজয়ের হার পেতে হয় দলটিকে।
এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাবর-রিজওয়ানরা। রীতিমতো সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তারা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা তো বলেই দিয়েছেন, পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই এগিয়ে থাকবে।
শুক্রবার (২০ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন রমিজ। ম্যাচ হারের জন্য শুরুতেই ক্যাচ মিসকে দুষছেন তিনি। পাকিস্তনের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটে এমন কমই হয় যে একটা ক্যাচ ছাড়লে তার শাস্তি ম্যাচজুড়ে দিতে হয়। ওসামা মীর হালুয়ার মতো একটি ক্যাচ ছেড়েছে, বাচ্চাদের জন্য দেওয়া ক্যাচ ছিল এটি। কিন্তু সে ধরতে পারেনি।’
রমিজ বলেন, ‘তখন ১০ রানে ছিল ওয়ার্নার, পরে সে ১৬৩ রান করেছে। একটি ক্যাচ ছাড়ার এত বড় শাস্তি কোনো দলকে আর পেতে দেখিনি। ওখান থেকেই ম্যাচের রূপ বদলে গেছে। শাহিন যদি তখন ওয়ার্নারকে ফিরিয়ে দিতে পারতেন, তবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যেত। পাকিস্তানের ফিল্ডিং খুবই বাজে ছিল।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না সেটা মনে করিয়ে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। চেন্নাইয়ে যেকোনো কিছু হতে পারে।’
আফগানদের সামনে বাবর আজমদের বেশ ভালোই পরীক্ষা দিতে হবে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তার মতে, ‘স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটারদের যেমন পারফরম্যান্স, এখানে যেকোনো কিছু হতে পারে। যদি স্পিনিং উইকেট হয় তবে আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট।’











































