Home জাতীয় স্বপ্নের বঙ্গবন্ধু টানেল এখন বাস্তব

স্বপ্নের বঙ্গবন্ধু টানেল এখন বাস্তব

51

খুলনাঞ্চল রিপোর্ট।।

আর মাত্র ক’দিন। এরপরই দুয়ার খুলছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের। যে টানেল সূচনা করেছে নতুন এক দিগন্তের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ টানেল চালু হলে চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি, টু টাউন’ পরিকল্পনা বাস্তবায়ন এক ধাপ এগিয়ে যাবে। এছাড়া রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

আগামী ২৮ অক্টোবর এ মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেল উদ্বোধন ঘিরে চলছে নানা প্রস্তুতিও। তৈরি হচ্ছে উদ্বোধনী নামফলক। অপরূপভাবে সাজানো হচ্ছে টানেলের দুই প্রান্ত।

সম্প্রতি টানেল এলাকায় গিয়ে দেখা যায়, টানেলটি দূর থেকে একনজর দেখতে দুই প্রান্ত পতেঙ্গা সমুদ্র সৈকত ও আনোয়ারা প্রান্তে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ ক্যামেরা, কেউ আবার মুঠোফোনে ধারণ করছেন বাস্তবে রূপ নেয়া স্বপ্নের বঙ্গবন্ধু টানেল।

২০১৬ সালের ১৪ অক্টোবর এ টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পরে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেলটি নির্মাণে ব্যয় ধরা হয় ১০ হাজার ৩৭৪ কোটি টাকা। এরমধ্যে প্রকল্প ঋণ হিসেবে পাঁচ হাজার ৯১৩ কোটি ১৯ লাখ টাকা অর্থায়ন চায়না এক্সিম ব্যাংকের। বাকি অর্থায়ন বাংলাদেশ সরকারের (জিওবি)।

কর্ণফুলী নদীর তলদেশে ১৮ থেকে ৩১ মিটার গভীরে টানেলটি নির্মাণ করা হয়। দুই টিউব সংবলিত মূল টানেলের দৈর্ঘ্য তিন দশমিক ৩২ কিলোমিটার। এটিই বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ, যা নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এর প্রতিটি টিউবের দৈর্ঘ্য দুই দশমিক ৪৫ কিলোমিটার ও ব্যাস ১০ দশমিক ৮০ মিটার।

টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত মূল টানেল। ২৮ অক্টোবর এটির উদ্বোধনের কথা রয়েছে। টানেলের ভেতর ও বাইরের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। টানেলের সুরক্ষার জন্য দুই পাশে ফায়ার সার্ভিস ও পুলিশ ফাঁড়ির ভবন নির্মাণসহ অন্যান্য কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে।

তিনি আরো বলেন, টানেলের নিরাপত্তায় শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রথমদিকে টানেলে চলাচলকারী গাড়িগুলোর গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার। পায়ে হেঁটে টানেল পার হওয়া যাবে না। টানেলে চলবে না কোনো মোটরসাইকেল এবং তিন চাকার যান।

ভারী যান চলাচলের প্রসঙ্গে তিনি বলেন, টানেলের প্রবেশমুখে ওজন স্কেল নির্মাণ করা হচ্ছে। নির্ধারিত ওজনের বেশি ভারী যান টানেল দিয়ে চলাচলের সুযোগ নেই। স্কেলে পরিমাপের পর ওজন বেশি পাওয়া গেলে সেই গাড়িকে টানেল পার হতে দেওয়া যাবে না।

কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, টানেলের ভেতর অত্যাধুনিক ফায়ার সিস্টেম রয়েছে। পুরো টানেল পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি কন্ট্রোল রুম। যেখান থেকে টানেলের ভেতরের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। টানেলের ভেতর অগ্নিদুর্ঘটনা ঘটলে তা কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হবে। বেশি হলে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে যাবেন। এছাড়া টানেলের ভেতর কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে সেটি উদ্ধারের বিষয়ে এরইমধ্যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, টানেলের দুইপ্রান্তে দুটি ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে। স্টেশনগুলোর ভবন নির্মাণ কাজ চলছে।

 

 

সুরক্ষায় দুই থানা

টানেলের এক প্রান্ত (পতেঙ্গা) নগর পুলিশ ও অপর প্রান্ত (আনোয়ারা) জেলা পুলিশের আওতাধীন। সে হিসেবে দুই প্রান্তে দুটি থানা প্রয়োজন বলে জানানো হয়েছে পুলিশের দুই ইউনিটের পক্ষ থেকে। তবে পুলিশ ফাঁড়ির জন্য ভবন নির্মাণ করছে টানেল কর্তৃপক্ষ।

নতুন থানা প্রসঙ্গে নগর পুলিশের এডিসি (মিডিয়া) স্পিনা রানি প্রামাণিক বলেন, টানেলের সুরক্ষার জন্য দুই প্রান্তে দুটি থানা প্রয়োজন। এরইমধ্যে পুলিশ সদর দফতরে এ প্রসঙ্গে প্রস্তাবনা পাঠানো হয়েছে। পতেঙ্গা প্রান্তে প্রস্তাবিত থানাটি নগর পুলিশের আওতাধীন। এটির জন্য ৮১ জন জনবল চাওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর কবে কার্যক্রম শুরু হবে তা জানা যাবে।

টোল শুরু ২০০ থেকে

চলতি বছরের জুলাইয়ে টানেলের টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী ১২ ধরনের যানবাহনকে টোল দিতে হবে এ টানেলে। তবে টানেলে চলতে পারবে না মোটরসাইকেল।

সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ এক হাজার টাকা টোলের মধ্যে সর্বনিম্ন টোল গুনতে হবে প্রাইভেটকারকে। প্রতিবার পারাপারে একই টোল গুনবে পিকআপও। এছাড়া মাইক্রোবাস ২৫০ টাকা, ৩১ আসনের কম বাস ৩০০ টাকা, ৩২ আসনের বেশি বাস ৪০০ ও তিন এক্সেলের বড় বাসকে ৫০০ টাকা টোল গুনতে হবে।

পাঁচ টন পর্যন্ত পণ্য বহনে সক্ষম ট্রাককে টোল গুনতে হবে ৪০০ টাকা। আট টনের ক্ষেত্রে সেটি ৫০০ ও ১১ টনের ক্ষেত্রে ৬০০ টাকা গুনতে হবে। তিন এক্সেলের ট্রেইলার ৮০০ ও চার এক্সেলের ট্রেইলারকে এক হাজার টাকা টোল দিতে হবে। পরবর্তী প্রতি এক্সেলের জন্য বাড়তি দিতে হবে ২০০ টাকা। টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত করার পর এ টোল হার কার্যকর হবে।

বদলে যাবে পূর্ব-পশ্চিম

টানেলের একপ্রান্ত আনোয়ারায় রয়েছে সিইউএফএল, কাফকো, কোরিয়ান ইপিজেড, প্রস্তাবিত চায়না ইপিজেড ও পারকি সমুদ্রসৈকত। আনোয়ারা দিয়েই বাঁশখালী, কক্সবাজার, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং মীরসরাই ও ফেনীর সোনাগাজীর বিশাল এলাকাজুড়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু শিল্পনগরের সঙ্গে যোগাযোগের লক্ষ্যেই নেয়া হয় এ টানেল প্রকল্প।

সংশ্লিষ্টদের মতে, এটি চালু হলে ত্বরান্বিত হবে কর্ণফুলী নদীর পূর্বপ্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন। পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর-বিমানবন্দরের সঙ্গেও স্থাপিত হবে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা। কমে যাবে ভ্রমণের সময় ও খরচ।

এছাড়া পূর্বপ্রান্তের শিল্পকারখানার কাঁচামাল ও প্রস্তুত করা মালামাল চট্টগ্রাম বন্দর, বিমানবন্দরসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবহন প্রক্রিয়া সহজ হবে। কর্ণফুলী নদীর পূর্বপ্রান্তের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ফলে বিকশিত হবে পর্যটনশিল্প।