Home খেলাধুলা ‘চেন্নাইয়ের উইকেটে বাংলাদেশ বিশ্বমানের’

‘চেন্নাইয়ের উইকেটে বাংলাদেশ বিশ্বমানের’

60

স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপে বাংলাদেশ পরবর্তী ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষেও খেলবে নিউজিল্যান্ড। পরপর এই দুটো ম্যাচকে নিয়ে বেশ রোমাঞ্চিত ড্যারিল মিচেল। ভারতের চেন্নাইয়ের উইকেট বরাবরই স্পিন বান্ধব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট প্রায় একই রকম। নিয়মিত মিরপুরের উইকেটে খেলার কারণে বাংলাদেশের ব্যাটাররা এমন উইকেটে বেশ পারদর্শী। এমনটা জানা আছে তার। তাইতো চেন্নাইয়ের উইকেটে বাংলাদেশকে ‘বিশ্বমানের’ বলছেন এই কিউই ব্যাটার। দুটো দলের স্পিন আক্রমণই বেশ দারুণ।

 

সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদীরা যেমন বাংলাদেশের হাতিয়ার তেমনি রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদদের ঘিরে স্বপ্ন বুনছে আফগানরা। আর দুই দলের স্পিনাররা অসাধারণ মানসম্পন্ন হওয়ায়, ব্যাটাররাও দারুণ। সবমিলিয়ে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন মিচেল। দুটি দলকেই ‘বিশ্বসেরা’ বলছেন তিনি। মিচেল বলেন, ‘চেন্নাইয়ে টার্নিং উইকেটেই খেলা বেশি হয়ে থাকে। এখানে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়েই আমাদের খেলতে হবে। বাংলাদেশ এবং আফগানিস্তান- এমন উইকেটে দুটো দলই বিশ্বমানের। ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত এই ম্যাচগুলোকে সামনে রেখে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আমরা চেষ্টা করব এই ম্যাচগুলো জিততে।’ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচটি হবে আগামী কাল। নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচটি হবে ১৮ অক্টোবর। বিশ্বকাপে এরই মাঝে দুটি ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।