Home আঞ্চলিক আ.লীগ মেগা প্রজেক্টের সঙ্গে মেগা ডাকাতিও করেছে: ফয়জুল করীম

আ.লীগ মেগা প্রজেক্টের সঙ্গে মেগা ডাকাতিও করেছে: ফয়জুল করীম

43

 

 মাগুরা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সরকার আজকে ঋণে জর্জরিত। আজকে একটি শিশু লাখ ১৫ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। বিশ্ব বাজারের তুলনায় দেশে প্রতিটি পণ্যের দাম বেশি। আওয়ামী লীগ সরকারের জামানায় ১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এতে প্রতিটি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরাও সরকারকে দিয়ে যাচ্ছি; কিন্তু সরকার আমাদের কী উপহার দিয়েছে? সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্ট উপহার দিয়েছে কোনো সন্দেহ নেই। সঙ্গে সঙ্গে মেগা ডাকাতিও উপহার দিয়েছে।

 

মঙ্গলবার বিকালে মাগুরায় শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, সরকারের সাবেক রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেছেন- বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে দুটি পদ্মা সেতু তৈরি করা যায়। আজকে দেশের টাকা বিদেশে পাচারের কারণে ডলারের দাম বেড়ে গেছে। যে কারণে প্রতিটি খাদ্যদ্রব্যসহ প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। আবার সরকার নিজের পায়ে কুড়াল মারার জন্যে নতুন করে টাকা ছেপে বাজারে ছেড়েছে। এতে আরেকটি ফাঁদে পড়বে তারা। বস্তা ভরা টাকা নিয়ে বাজারে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে।

 

প্রধান অতিথি চরমোনাই পির বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তনের দাবি জানান।

 

বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, শত্রুজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি উসমান গণি মুছাপুরীসহ অনেকে।

 

বিকাল ৩টায় আয়োজিত মাগুরার এই ঐতিহাসিক নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার কর্মী সমর্থক অংশ নেন।