মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলার সাগর ও সুন্দরবন উপকূলে বুধবার মধ্য রাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা। ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত এ ২২দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ শিকার বন্ধ থাকবে। এছাড়া মা ইলিশের ডিম ছাড়া নিরাপদ করতে এ পুরো সময় জুড়ে জেলেদের সচেতনতামূলক প্রচারাভিযান ও চাল সহায়তা প্রদাণ অব্যাহত রাখা হবে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, সেপ্টেম্বর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। আর অক্টোবরে মা ইলিশ ডিম দিয়ে থাকে। তাই মা ইলিশ রক্ষা ও নিরাপদ ডিম দিয়ে প্রজনন বৃদ্ধির জন্য ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। ১২অক্টোবর থেকে ২নভেম্বর পর্যন্ত ইলিশসহ সকল ধরণের মাছ ধরা বন্ধ থাকবে। আর নিষেধাজ্ঞাকালে জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টির প্রচারণা ও চাল সহায়তা প্রদাণ করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপুলিশ ও উপজেলা প্রশাসন।
নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। এবার এমনিতে তেমন একটা ইলিশ পাননি তারা। এর আগের ২০মে থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫দিনের অবরোধ শেষে জেলেরা মাছ ধরতে নামলে দুই দফায় দুর্যোগের কবলে পড়েন। ফলে আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারি হয়ে পড়েছে জেলেদের। আর আজ থেকে শুরু হতে যাওয়া ২২দিনের নিষেধাজ্ঞায় জেলের যেন মরার উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। এখানকার কয়েক হাজার জেলের একমাত্র জীবিকার পথ বন্ধ হলে খেয়ে না খেয়ে ধার-দেনা করে মানবেতর জীবনযাপন করতে হবে তাদের। একটি পরিবারকে ২৫কেজি করে যে চাল দেয়া হয় তাও অপ্রতুল। এখানে নিবন্ধিত ইলিশের জেলে রয়েছে ২হাজার ৩শ। আর অনিবন্ধিত রয়েছে আরো প্রায় ২হাজার জেলে। এ সময় নিবন্ধিত জেলেরা পাবেন ২৫কেজি করে চাল। আর এ সহায়তা বঞ্চিত থাকবেন অনিবন্ধিত জেলেরা। জেলেরা যাতে মাছ ধরতে না পারেন সেজন্য নজরদারীতে থাকবেন মৎস্য অধিদপ্তর।
স্থানীয় জেলে সুজিত রায় বলেন, আমাদের ২২দিন বসে থাকতে হবে, এই সময়ে আয় না থাকায় ধার-কর্জ করেই চলতে হবে। তিন দফায় জাল-নৌকা নিয়ে নেমে কোন মাছ পাইনি, মাছও কম।
জেলে ভুট্ট সরকার বলেন, অবরোধ শুরু হয়েছে, এর আগে দুই দফায় দুর্যোগে মাছ ধরতে পারিনি। তারপরও নদীতে নেমে মাছ পাইনি। আর ২৫কেজি করে চাল দেয়া হয় তাতে আমাদের হয়না কিছু। তা আবার কেউ পায় আবার কেউ পায়না।
জেলে বাবুল খাঁন বলেন, ২২দিনে আমাদের ক্ষতি হবে অনেক, খেয়ে না খেয়ে থাকতে হবে। এর আগে সামান্য যে মাছ হয়েছে তাতে খরচও ওঠেনি, লোকসানে আছি। আর এখন মাছ পাওয়ার সময় ঠিক তখনই আবার অবরোধ দেয়া হয়েছে।
উপজেলা মৎস অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানা গেছে, বছরের ১২মাসই ধাপে ধাপে থাকে সাগর ও সুন্দরবনে মাছ শিকারে নিষেধাজ্ঞা। তারমধ্যে জানুয়ারী ও ফেব্রুয়ারীতে ১৫দিন করে ১মাসের অবৈধ জালের ব্যবহার নির্মুলে কম্বিং অপারেশন, ২০মে থেকে ২৩জুলাই পর্যন্ত ৬৫দিন সামুদ্রিক ও সুন্দরবনের মাছের প্রজনন বৃদ্ধিতে অবরোধ, ১লা নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত ৮মাস ঝাটকা সংরক্ষণ অভিযান আর ১২অক্টোবর থেকে ২নভেম্বর ২২দিনের মা ইলিশ রক্ষার অভিযান চালানো হয়।
আবার এরমধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগও। ফলে উপকূলের জেলেদের দুঃখ দুর্দশার যেন কোন শেষ নেই। তারা যেমনি পান না পর্যাপ্ত সহায়তা তেমনি নেই বিকল্প কোন কর্মসংস্থানের সুযোগও। তারপরও এ পেশায় খেয়ে না খেয়ে পড়ে আছেন উপকূলের হাজার হাজার জেলে ও তাদের পরিবার। #











































