স্পোর্টস ডেস্ক।।
লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েছেন লামিন ইয়ামালা। মাত্র ১৬ বছর ৮৭ দিন বয়সে এই রেকর্ডের মালিক হলেন তিনি। তার ও শেষ দিকে সের্হি রবের্তোর গোলে ঘুরে দাঁড়িয়ে হার এড়াল বার্সেলোনা। গ্রানাদার বিপক্ষে আধা ঘণ্টারও কম সময়ে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সমতা টানে জাভির শিষ্যরা।
রবিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র ১৭ সেকেন্ডেই বার্সাকে স্তব্ধ করে এগিয়ে যায় গ্রানাদা। নিজেদের অর্ধে গাভি বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে ডান পায়ের কোণাকুনি শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন সারাগোসা। এই মৌসুমে লা লিগার ম্যাচে দ্রুততম গোল এটি (১৭ সেকেন্ড)।
এরপর ২৯তম মিনিটে আরেকটি সুযোগ পেয়ে ব্যবধান দ্বিগুণ করে গ্রানাদা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা বার্সেলোনার এক ডিফেন্ডারকে পরাস্ত করেন সারাগোসা। এরপর জায়গা বানিয়ে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।
সফরকারীরা অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায়। ছয় গজ বক্সের সামনে গ্রানাদার কয়েক ডিফেন্ডার ঘিরে ধরেন ফেলিক্সকে। এই পর্তুগিজ ফরোয়ার্ডের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ইয়ামাল। ইয়ামালের আগে লা লিগায় সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ডটি ছিল ফাব্রিস ওলিঙ্গার। ২০১২-১৩ মৌসুমে মালাগার প্রথম ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে বদলি নেমে ক্যামেরুনের এই ফরোয়ার্ড গোল করেছিলেন ১৬ বছর ৯৮ দিন বয়সে।
বিরতির পর নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে সমতায় ফেরে বার্সেলোনা। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দের পাস পেয়ে কাছ থেকে শট নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রবের্তো। বল গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।
বার্সেলোনা ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২৪ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ শীর্ষে আছে। ৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে গ্রানাদা।











































