Home খেলাধুলা দুরন্ত সিরাজ এবার সুখবর পেলেন আইসিসি থেকে

দুরন্ত সিরাজ এবার সুখবর পেলেন আইসিসি থেকে

21

স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের দুরন্ত বল দেখেছে ক্রিকেটবিশ্ব। তারই পুরস্কারস্বরূপ এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে বড় সুখবর পেলেন এই বোলার। আট ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি।

চলতি বছরের মার্চে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন সিরাজ। তবে মার্চেই অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের কাছে জায়গা হারাতে হয়।

 

এশিয়া কাপে মাত্র ১২.২ গড়ে ১০ উইকেট নিয়েছেন সিরাজ। র‌্যাংকিংয়ে তিনি পেছনে ফেলেছেন ট্রেন্ট বোল্ট, রশিদ খান এবং মিচেল স্টার্কের মতো তারকাদের। অবশ্য র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে রশিদ খানেরও। বর্তমানে ৫ নম্বর অবস্থানে আছেন তিনি। তার সতীর্থ মুজিব উর রহমান তার চেয়ে এক ধাপ এগিয়ে।

 

ইনজুরি থেকে অস্ট্রেলিয়া সিরিজে ফিরেন দারুণ বল করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশাভ মহারাজ। ২-০ তে পিছিয়ে পড়া দলকে ৩-২ ব্যবধানে সিরিজ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। শেষ ম্যাচে ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেওয়াসহ সিরিজে ১৬.৮৭ গড়ে ৮ উইকেট তার। ওভারপ্রতি রানও দিয়েছেন মাত্র ৪.০৭ হারে। ১০ ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছেন তিনি।

 

আইসিসি ব্যাটারদের র‌্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে স্ট্রাইকরেট দুইশর ওপর রেখে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। ২০ ধাপ এগিয়ে তিনি ঢুকে পড়েছেন সেরা দশে, নবম স্থানে।

 

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন ডেভিড ম্যালান। ৯২.৩৩ গড় ও একশর ওপর স্ট্রাইকরেট রেখে ২৭৭ রান করেছেন এই ওপেনার। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে টানা ৩৫৭ দিন শীর্ষে থাকা এই ব্যাটার ওয়ানডে র‌্যাংকিংয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৩তম স্থানে। ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষেই ১৮২ রানের ইনিংস খেলে ৩৬তম স্থানে উঠে এসেছেন ওয়ানডেতে অবসর ভেঙে ফিরে আসা বেন স্টোকস।