Home খেলাধুলা বিশ্বকাপের সেমিফাইনালে যাদের দেখছেন গিলক্রিস্ট

বিশ্বকাপের সেমিফাইনালে যাদের দেখছেন গিলক্রিস্ট

38

স্পোর্টস ডেস্ক

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের ১৫ দিনের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির, বীরেন্দর শেবাগ, এবিডি ভিলিয়ার্স, আকাশ চোপড়া, সৌরভ গাঙ্গুলী, অর্জুনা রানাতুঙ্গার মতো ক্রিকেটের সাবেক তারকারা। এবার সেই দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ার হয়ে তিনবার বিশ্বকাপের ট্রফি জেতা উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে ভারতের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপে ৪ সেমিফাইনালিস্ট হিসেবে গিলক্রিস্টের পছন্দ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিজ দেশ অস্ট্রেলিয়াকে।

 

গিলক্রিস্ট বলেছেন, ‘আমার মনে হয় ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারে। অন্য দুই দল হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।’

 

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে। বিশ্বকাপের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে আগামী ১৪ অক্টোবর। ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।