স্পোর্টস ডেস্ক।।
২০০৩ থেকে ২০০৯; স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ৬টি বছর ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ কাটিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলে ১২ বছর পর আবারও ফেরেন ওল্ড ট্রাফোর্ডে। তবে যতটা ঢাকঢোল পিটিয়ে ম্যানইউতে রোনালদোর প্রত্যাবর্তন হয়েছিল, বিদায় হয়েছে ততটাই তিক্ততায়।
রোনালদোকে যখন ২০২১ সালে দলে নেওয়া হয়েছিল তখন ম্যানইউয়ের কোচ ছিলেন ওলে গানার সুলশার। নিউক্যাসেলের বিপক্ষে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই জোড়া গোল পেয়েছিলেন এই পর্তুগিজ। ক্লাবটির ভক্তরাও বুক বেঁধেছিলেন নতুন আশায়। তবে ক্রমান্বয়ে ফর্ম হারাচ্ছিল ম্যানইউ। ওই মৌসুমের চার মাস যেতেই দায়িত্ব হারান সুলশার। এবার তিনিই স্বীকার করলেন রোনালদোকে দ্বিতীয়বার দলে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।
দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে সুলশার বলেন, ‘এটি (রোনালদোকে দলে ভেড়ানো) এমন একটি সিদ্ধান্ত ছিল যেটি প্রত্যাখ্যান করা খুব কঠিন ছিল। আমার তখন মনে হয়েছে, আমার সেটি (সিদ্ধান্ত) নিতে হবে এবং এটি ভুল হয়ে গেছে। যখন সে (রোনালদো) চুক্তি করেছিল, তখন এটি সঠিকই মনে হয়েছিল। সে তখনও বিশ্বের অন্যতম সেরা গোলদাতা ছিল এবং দারুণ ফর্মে ছিল।’
তখনকার পরিস্থিতি উল্লেখ করে সুলশার আরও বলেছেন, ‘যখন আপনার একটি দল থাকবে তখন প্রত্যেককেই একদিকে পরিচালিত করতে হবে। তবে যখন কোনোকিছু ঠিকঠাক না হয়, তখন কিছু খেলোয়াড় ঔদ্ধত্য প্রকাশ করে।’
ইউনাইটেডের হয়ে দ্বিতীয় পর্বে ৩৮ ম্যাচে ২৪ গোল এবং ৩ অ্যাসিস্ট আছে রোনালদোর। সুলশারের পর দলের দায়িত্ব পড়ে এরিক টেনা হাগের কাঁধে। ২০২২-২৩ মৌসুমের শুরুর দিকের ম্যাচগুলোতে রোনালদোকে নিয়মিত মাঠে নামাননি। কম খেলানোয় তখন হতাশা প্রকাশ করেন রোনালদো। এরপর ক্লাবের কোচ এবং সতীর্থদের সমালোচনা করে একটি ‘বিতর্কিত’ সাক্ষাৎকার দেন পিয়ের্স মরগ্যানকে। এরপরই পারস্পরিক সম্মতিতে ক্লাব ছাড়েন রোনালদো। তারপর রেকর্ড দামে যোগ দেন সৌদি ক্লাব আল-নাসরে।











































