Home খেলাধুলা পাকিস্তান ‘গড়পড়তা’, বিশ্বকাপের সেরা ৪ দল বাছলেন হরভজন

পাকিস্তান ‘গড়পড়তা’, বিশ্বকাপের সেরা ৪ দল বাছলেন হরভজন

20

স্পোর্টস ডেস্ক।।

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের ১৫ দিনের মতো বাকি থাকলেও অনেক আগেই শুরু হয়ে গেছে ভবিষ্যদ্বাণী।

কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে এরই মধ্যে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির, বীরেন্দর শেবাগ, এবিডি ভিলিয়ার্স, আকাশ চোপড়া, সৌরভ গাঙ্গুলী, অর্জুনা রানাতুঙ্গার মতো ক্রিকেটের সাবেক তারকারা। এবার সেই দলে যোগ দিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

 

পাকিস্তানের গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে ভারতের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপে ৪ সেমিফাইনালিস্ট হিসেবে হরভজন এগিয়ে রাখছেন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে।

 

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘আমার মনে হয়(ভারত বনাম অস্ট্রেলিয়া) ম্যাচটিতে দারুণ প্রতিযোগিতা হবে। যারাই ম্যাচটি জিতবে তারাই বিশ্বকাপে ফেভারিট হবে। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে, ভারতও সেরা চারের দৌড়ে আছে, ইংল্যান্ডও দাবিদার।’

বিশ্বকাপে পাকিস্তানকে বেশিরভাগ বড় তারকাই দেখছেন সেমিফাইনালে। তবে তাদের দলে নেই হরভজন। তার বিশ্বাস, ওয়ানডেতে এক নম্বর দল হলেও তারা এই সংস্করণে তারা সেভাবে পারফর্ম করতে পারবে না।

 

হরভজন বলেন, ‘ (এই তিন দল বাদে) সেমিফাইনালের বাকি স্পটটির জন্য সবাই পাকিস্তানের কথাই বলছে, কিন্তু ৫০ ওভারের সংস্করণে তারা গড়পড়তা মানের দল। তারা টি-টোয়েন্টিতে ভালো খেলে কিন্তু আমার বাছাই করা চতুর্থ দল হচ্ছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে এরাই (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড) আমার চার দল।

 

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে। বিশ্বকাপের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে আগামী ১৪ অক্টোবর। ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।