স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাব ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে মায়ামির অনুশীলনে যেন এক ভিন্ন মেসিকে দেখল ফুটবলপ্রেমীরা। সাধারণত, মেসির মুখে হালকা দাড়ি থাকলেও এবারের ট্রেনিংয়ে ‘ক্লিনশেভ’ অবস্থায় দেখা গেছে বিশ্বকাপজয়ী এই তারকাকে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। খবর জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট গোল ডটকমের।
এর আগে, ২০২১ সালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে থাকাকালে সর্বশেষ দাড়ি সম্পূর্ণরূপে কেটে ফেলেছিলেন মেসি। সেবার ব্যালন ডি’অর উন্মোচন অনুষ্ঠানের আগে ‘ক্লিনশেভ’ করেছিলেন তিনি। বার্সেলোনার হয়ে তার আগের মৌসুমেই কোপা দেলরে এবং আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিলেন মেসি। এরপরই ব্যালন ডি’অরের শক্ত দাবিদার হয়ে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন এ তারকা।
সেই বছর পুরস্কারজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার সপ্তাহখানেক আগে ‘ক্লিনশেভ’ অবস্থায় অনুশীলনে হাজির হয়েছিলেন মেসি। পরবর্তীতে জানা গিয়েছিল, ব্যালন ডি’অর জয়ীর ফটোশ্যুটের প্রস্তুতির জন্যই অমন সজ্জায় নিজেকে সাজিয়েছিলেন মেসি। ওই বছরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকদিন আগে ‘ক্লিনশেভ’ অবস্থায় দেখা গিয়েছিল মেসিকে। বলাই বাহুল্য- সেবারও ব্যালন ডি’অর পুরস্কার ওঠে মেসির হাতে।
লিগ ওয়ান ছেড়ে এই মৌসুমেই মেসি পাড়ি জমিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। গত মৌসুমে পিএসজিকে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন, এরপর বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সে ৩৬ বছর পর করেছেন চ্যাম্পিয়ন। ইন্টার মায়ামির হয়েও ফর্মের তুঙ্গে আছেন এই আর্জেন্টাইন। সবমিলিয়ে এবারও ব্যালন ডি’অরের শক্ত দাবিদার এই পুরস্কার সাতবার জেতা মেসি।











































