মানিক মাহমুদ।।
আর মাত্র ১৫ দিন বাদেই ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। এশিয়া কাপের তোড়জোড় শেষ হয়েছে এবার বিশ্বকাপের প্রস্তুতির পালা। টাইগারদের সেই প্রস্তুতির শেষপর্ব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)। মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুর স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে প্রথম ম্যাচটি।
বিশ্বকাপের প্রস্তুতিতে সিরিজটি গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই। টাইগার অধিনায়ক লিটন দাস ও কিউই অধিনায়ক লুকি ফার্গুসন, দু’জনই জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশা করছেন। সিরিজে তিনটি ওয়ানডে খেলবে দু’দল।
তবে শরতের দুপুরে ঝুম বৃষ্টি মিরপুর স্টেডিয়ামে। কাভারে ঢাকা হোম অব ক্রিকেটের পিচ। অথচ এ সময় অনুশীলনের কথা ছিলো স্বাগতিকদের। ইনডোরে ঘাম ঝরিয়েছেন তামিম, মাহামুদউল্লাহ, হৃদয়, শেখ মাহেদীরা। তবে আকাশের মন ভালো না থাকায় মাঠের সবুজ গালিচায় নামতে পারেনি বাংলাদেশ দল।
এশিয়া কাপে খেলা নিয়মিত অধিনায়ক সাকিব, মিরাজসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দেয়া হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতিতে তামিম, মাহমুদুল্লাহ, সৌম্য সহ ব্যাকআপ ক্রিকেটারদের পরখ করার জন্য সিরিজটা বেশ গুরুত্বপুর্ণ। অথচ বৃষ্টির কারনে লিটনদের মাঠে নামতে হচ্ছে অনুশীলন ছাড়াই।
বাংলাদেশে এসে তিনদিনের অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের জন্য তাদেরও বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে বিশ্রামে। দলের নেতৃত্বে পেসার লোকি ফার্গুসন। আগামী মাসে ভারতে হবে বিশ্বকাপ। উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে এই সিরিজটি কাজে দেবে মনে করছেন কিউই অধিনায়ক। সমীহ করছেন স্বাগতিকদের।
ফার্গুসন বলেন, ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। আমাদের চ্যালেঞ্জ থাকবে। যদিও তাদের মাটিতে দীর্ঘ দিন আমরা জিতিনি। উপমহাদেশের কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় সুযোগ এই সিরিজ। দলের ক্রিকেটাররা মুখিয়ে আছে সিরিজটা খেলার জন্য। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।
দু’দলের ৩৮ ম্যাচের পরিসংখ্যানে নিউজিল্যান্ড ২৮ টি ও বাংলাদেশের জয় ১০টি। তবে ২০০৮ সালের পর ঘরের মাঠে কিউইদের কাছে কোন সিরিজ হারেনি টাইগাররা।











































