Home আঞ্চলিক বঙ্গোপসাগরে লুঘচাপ, মোংলা বন্দরে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লুঘচাপ, মোংলা বন্দরে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত

26

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে পারছেনা জেলেরা। এমতাবস্থায় জানমালের ক্ষতি এড়াতে জেলেরা সুন্দরবন উপকূলে আশ্রয় নিয়েছেন।
চলতি ইলিশ আহরণ মৌসুমের শেষ ভাগে এসে জেলেদের জালে প্রচুর ইলিশ পড়তে শুরু করলে এ দুর্যোগে তা বন্ধ হয়ে গেছে। লঘুচাপের কারণে বুধবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত ও হালকা-মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে। এতে এক প্রকার দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবার করছে পুরো উপকূল জুড়ে।

এদিকে সাগরের ৬৫দিনের মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে ১লা সেপ্টেম্বর থেকে জেলেরা সাগরে নামলেও তাতে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে আকস্মিক এ লঘুচাপ। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়াতে সুন্দরবনের দুবলার চর, আলোরকোল, নারকেলবাড়ীয়া ও ভেদাখালীসহ বিভিন্ন খালে অবস্থান করছে শতশত ট্রলারের হাজার হাজার জেলে-মাঝিমাল্লারা।

বাগেরহাটের শরণখোলার মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য আড়ৎদার মোঃ কবির হাওলাদার বলেন, একদিকে প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে সাগর ও সুন্দরবনে দফায় দফায় মাছ ধরায় নিষেধাজ্ঞায় আমরা জেলেরা এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আর দুর্যোগ তো আমাদের পিছনে লেগেই আছে। যখনই ইলিশ পড়া শুরু করে, তখনই দুর্যোগ হানা দেয়। দুর্যোগের কারণে আমার আড়ৎতে এফ,বি খায়রুল ইসলাম, এফ,বি মা-বাবার দোয়া, এফ, বি পূর্ণিমা, এফ,বি মায়ের দোয়া, এফ,বি জিসানসহ পাঁচটি ট্রলার মালিক চলতি ইলিশ আহরণ মৌসুমে কম হলেও ৫০লাখ টাকা লোকসান দিয়েছেন। ইলিশ মৌসুমও প্রায় শেষ পর্যায়ে, তারমধ্যে আবার দুর্যোগ হানা দিয়েছে। তাই এ বছর আর লোকসান কাটিয়ে উঠা সম্ভব হবে না।

বাগেরহাটের শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন বলেন, আবহাওয়া খারাপ হওয়াতে সাগরে টিকতে না পেরে সকল ফিশিং ট্রলার বিভিন্ন ঘাটসহ সুন্দরবনের নদী-খালে আশ্রয় নিয়েছে। বনবিভাগ ও কোস্ট গার্ড ওই সকল ট্রলার ও ট্রলারে থাকা জেলেদেরকে নিরাপদ অবস্থানের ক্ষেত্রে সাহায্য-সহযোগীতা করছেন বলেও জানান তিনি।