স্টাফ রিপোর্টার।।
ডেঙ্গু জ্বরসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের হার বাড়ার সুযোগে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা চিকিৎসার অন্যতম উপাদান স্যালাইনের দাম বাড়িয়ে দিয়েছেন। খুলনা মহানগরীর বিভিন্ন ওষুধের দোকানে, ফার্মেসিতে এখন ৮৭ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ানস স্যাম্পলও চড়াদামে বিক্রি করছেন তারা।
রোগী ও স্বজনদের সু-নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই করতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে এ ধরণের দুটি ফার্মেসিসহ অন্যান্য অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সূত্র জানান, নগরীর শান্তিধাম মোড়স্থ নিউ দীলিপ ফার্মেসিতে ৮৭ টাকার এনএস স্যালাইন ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানে ওষুধের মোড়কে দাম কেটে বর্ধিত দাম বসানো এবং মেয়াদ উত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। এ অভিযোগে প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থিত সামনে মেসার্স সাহিদা মেডিকেল হলের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে এক হাজার টাকা জরিমানা, মূল্য তালিকা না থাকায় একই এলাকায় নিউ মন্দিরা স্টোরকে এক হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও অননুমোদিত পণ্য বিক্রির অভিযোগে কাজী স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আলাদা দুটি অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব সদস্য জেড. এন. সুমন এবং আনসার সদস্যরা।











































