ঢাকা অফিস।।
আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ। সে হিসেবে নির্বাচনের আর মাত্র চার মাসের কম সময় বাকি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এখনও আগের অবস্থানেই অনড় দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের নেতাদের কেবল পাল্টাপাল্টি কর্মসূচি আর বক্তব্য চলছেই, সমঝোতার কোনো ইঙ্গিত নেই। ফলে আগামী দিনে অরাজক পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দেওয়া হয়। বিএনপির দাবি দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। এর ফলে তারা ২০১৪ সালের নির্বাচন বয়কট করে। পরবর্তীতে নানান নাটকীয়তা ও সংলাপের পর অবশেষে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি।
শুধু বিএনপি নয়, ২০০৮ সালের পর প্রথমবারের মতো ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তবে নির্বাচনে মাত্র সাতটি আসন পায় বিএনপি ও ঐক্যফ্রন্ট। এরপর তারা কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত সংসদে যায়। আর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে এবার আর দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিএনপি। এমনকি সরকারি দলের সঙ্গে কোনো সংলাপে বসতেও তারা রাজি নয়। এদিকে আওয়ামী লীগের নেতারাও বলছেন এবার নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে।
গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিশাল সমাবেশ করে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফা আন্দোলন ঘোষণা করে বিএনপি। একইদিনে আওয়ামী লীগও একদফা ঘোষণা দিয়ে বলে যে, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এরপর থেকে দুটি দলের একের পর এক পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সবশেষ গত ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীর রামপুরা ও শ্যামলীতে পৃথকভাবে এই গণমিছিল কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। সেখানেও সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের একদফা দাবি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। একই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। সেখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন কারও জন্য থেকে থাকবে না। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
তার আগে গত ১ সেপ্টেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। এতে সারাদেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। বিএনপি শেখ হাসিনা সরকারকে হঠাতে বিদেশি মুরব্বিদের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আদালতের নির্দেশে যেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়েছে সেটি আর ফিরে আসবে না।
অন্যদিকে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের (আওয়ামী লীগ) বিশ্বাস করে আগেও সংলাপ করে প্রতারিত হয়েছি। এখন তো সংলাপের কোনো প্রশ্নই আসে না। এই সরকারের সঙ্গে সমঝোতা করে কোনো লাভ হবে না। তারা আবারও জনগণের সঙ্গে প্রতারণা করবে।
এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি ঢাকায় বিভিন্ন দেশের রাজনীতিবিদদের আনাগোনা বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন-রাশিয়াসহ বিভিন্ন শক্তিশালী দেশের রাজনীতিবিদ ও কূটনৈতিকরা ঢাকা সফর করেছেন। তারা সরকারি দল, বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। তারা সবাই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যেই দাবি বিএনপি তুলছে, সেটি নিয়ে কেউ কিছু বলেনি। এমনকি সরকারের ওপর অব্যাহত চাপ দেওয়া ও ভিসানীতির কারণে যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে বিএনপি এখন নিজেদের সবচেয়ে বড় বন্ধু মনে করছে, সেই যুক্তরাষ্ট্রও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কিছু বলেনি। ফলে বিদেশি মুরব্বিদের মাধ্যমেও বিএনপির যেই দাবি সেটি পূরণ হওয়া বা সমঝোতার কোনো ইঙ্গিত নেই।
এরই মধ্যে ভারতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাস্যোজ্জ্বল সেলফি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরব উপস্থিতিতে বিএনপির আন্দোলনে ভাটা পড়বে বলে মনে করে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শেখ হাসিনার সেলফি দেখে বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।
তবে এতকিছুর পরও বিএনপির একদফা দাবির আন্দোলন দমছে না। আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকার নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে দলটি। ইতোমধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। বলা হচ্ছে, বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া’র প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ঘুরেফিরে এই সমাবেশে সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিই তুলে ধরতে চায় দলটি।
সবমিলিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি দুইপক্ষই একে অপরকে ছাড় দিতে রাজি নয়। এর ফলে আগামী দিনে অরাজক পরিস্থিতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচনের যেহেতু এখনও চার মাস বাকি তাই এই মুহূর্তে সমঝোতার ইঙ্গিত না থাকলেও শেষ পর্যন্ত দুটি দলই এক টেবিলে আলোচনায় বসতে পারেন বলে কেউ কেউ মনে করেন।











































