স্পোর্টস রিপোর্টার।।
আফগানিস্তানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলে আবার আর্জেন্টিনায় পাড়ি দিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি সামনে রেখে ৩০শে আগস্ট দেশে ফিরেছিলেন বাংলাদেশের এ শীর্ষ মিডফিল্ডার। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে গভীর রাতে এমিরেটসের একটি ফ্লাইটে আর্জেন্টিনার উদ্দেশ্য রওনা হন জামাল। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে একটি ম্যাচ খেলে তিনি ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। জামাল ভূঁইয়া ২৭শে আগস্ট তার নতুন ক্লাব সোল দা মায়োর হয়ে প্রথম ম্যাচ খেলেন। আর্জেন্টিনায় নিজের অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ নেন জামাল ভূইয়া। ওই ম্যাচে ২-১ গোলে জেতে তার দল। ম্যাচে নিজে গোলও পান বাংলাদেশ অধিনায়ক।
আগামী ১২ ও ১৭ই অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার জন্য তিনি আবার আসবেন বলে বৃহস্পতিবার ম্যাচ শেষে গণমাধ্যমকে জানান জামাল ভূঁইয়া। আর্জেন্টিনার ক্লাবে খেলার জন্য তিনি এশিয়ান গেমসের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আগেই। ২০১৮ সালের এশিয়ান গেমসে জামাল ভূঁইয়ার গোলেই কাতারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে নকআউট পর্বে উঠেছিল।











































