স্পোর্টস ডেস্ক
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। দ্বিপাক্ষিক সিরিজ বা মহাদেশীয় টুর্নামেন্ট খেলে দলগুলো প্রস্তুতি সারছে ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের জন্য। এর আগে, টুর্নামেন্টটি নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছেন অনেক তারকা। এর মধ্যে বেশিরভাগই সেমিফাইনাল নিয়ে নিজেদের মত জানালেও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ জানিয়ে দিলেন টুর্নামেন্টের ফাইনালিস্ট দুই দলের নাম। এক ইউটিউব পডকাস্টে এই মন্তব্য করেন মার্শ।
পডকাস্টে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান সাবেক দুই ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল বেভান। ফাইনালিস্ট দল হিসেবে নিজ দলকে রাখেননি বেভান। এরপরই জিজ্ঞেস করেন মার্শের মতামত। যার জবাবে মার্শ নিজ দলকে নিয়ে আত্মবিশ্বাস দেখান এবং ভবিষ্যদ্বাণী করেন, অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে এবং সেখানে পাকিস্তানের মুখোমুখি হবে।
কথোপকথনটি এমন ছিল-
বেভান: কে (বিশ্বকাপ) জিততে যাচ্ছে? ভারত, পাকিস্তান না ইংল্যান্ড?
মার্শ: সত্যি বলতে আমি মনে করি, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ফাইনাল হতে যাচ্ছে।
এর আগে, কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির, বীরেন্দর শেবাগ, এবিডি ভিলিয়ার্স, আকাশ চোপড়া, সৌরভ গাঙ্গুলীর মতো ক্রিকেটের সাবেক তারকারা। এদের মধ্যে বেশিরভাগই সেমিফাইনালিস্ট হিসেবে বেছে নিয়েছেন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে।
আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে গ্রুপপর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগে। বিশ্বকাপের সবচেয়ে জমজমাট লড়াই হতে পারে আগামী ১৪ অক্টোবর। ওইদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।











































