মাগুরা প্রতিনিধি।।
গত বুধবার দুপুরে মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় গুলির শব্দ শুনতে পেয়েছেন শহরের এমআর রোডের প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাপ পরা এক যুবক একটি আগ্নেয়াস্ত্র নাড়াচাড়া করছেন। পুলিশ বলছে, গুলির শব্দ তারা পায়নি। তবে অস্ত্র হাতে যুবকের ছবি নজরে এসেছে।
গতকাল এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, ‘ছবিটি আমাদের নজরে এসেছে। যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’ পুলিশের তদন্ত চলছে। এ ঘটনার পর পরই শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার রয়েছে ।
জানা গেছে, দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে চৌরঙ্গী মোড় থেকে মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে কলেজ রোডে। এলাকাটি পুলিশ সুপারের কার্যালয়ের ১০০ মিটার দূরত্বের মধ্যে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বিএনপি’র একটি মিছিল আসছিল জেলা জজ আদালতের দিক থেকে। মিছিলের একটি অংশ চৌরঙ্গী মোড় পার করে সৈয়দ আতর আলী সড়কে প্রবেশ করেছিল। এমন সময় ছাত্রলীগের একটি গ্রুপ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মিছিলে হামলা চালায়।
এতে মিছিলটি কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পরে বিএনপি’র কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ কর্মীদের কলেজ রোডের দিকে ধাওয়া দেয়। এ সময় কলেজ রোডের দিক থেকে অন্তত একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে গুলির খোসাও দেখেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর বুধবার রাতে ফেসবুকে অস্ত্র হাতে এক যুবকের স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি কলেজ রোডের একটি বিপণিবিতান থেকে ধারণ করা। তাতে দেখা যায়, এক যুবক অস্ত্র নিয়ে নাড়াচাড়া করছেন। তার মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সাথে মুঠোফোনে বার কথা বলার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদের দাবি, ‘ছাত্রলীগ নেতাদের অস্ত্র হাতে ছবি ভাইরাল হয়েছে। এরপরও আমাদের নেতাকর্মীদেরই হয়তো হয়রানি করা হবে।’ মাগুরা সদর থানার পুলিশ জানায়, বুধবারের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ছাত্রলীগের পক্ষ থেকে একটি এজাহার দেয়া হয়েছিল। সেটিতে ত্রুটি থাকায় সংশোধন করতে বলা হয়েছে।











































