স্পোর্টস ডেস্ক।।
রশিদ খান, মুজিব-উর-রহমানদের মতো নামকরা স্পিনারদের তুলোধুনো করতে সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন শ্রীলংকার ওয়ান ডাউন ব্যাটার কুশল মেন্ডিস। তবে ৮ রানের আক্ষেপে পুড়লেন তিনি। ৯২ রান করে রান আউটে কাটা পড়লেন লংকানদের এই উইকেটকিপার ব্যাটার।
রশিদ খানের করা বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন লংকান অধিনায়ক দাশুন শানাকা। তবে ক্যাচ নিতে ব্যর্থ হন রশিদ। বল তার হাতে লেগে আঘাত করে স্ট্যাম্পে। এদিকে নন স্ট্রাইকে উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন মেন্ডিস। হাতে লেগে স্টাম্পে লাগার সময়ের আগে আর ফিরতে পারেননি তিনি। ফলে রান আউট হয়ে ফিরতে হয় মেন্ডিসকে।
এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে শ্রীলংকা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে শ্রীলংকার রান ৭ উইকেট হারিয়ে ২৪৩।
এদিন ৬৩ রানের ওপেনিং জুটি গড়েন দুই লংকান ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্মে। তবে গুলবাদিন নাইবের তোপে পড়ে ৮৬ রানের মধ্যেই ৩ উইকেট পড়ে যায়। চতুর্থ উইকেটে ১০২ রানের জুটি গড়েন চারিথ আসালঙ্কা এবং মেন্ডিস। ১৮৮ রানের মাথায় আসালঙ্কাকে বিদায় করে ব্রেকথ্রু এনে দেন রশিদ খান। এরপরই শুরু হয় ছন্দপতন। রশিদ ও মুজিবের তোপে পড়ে ২২৭ রান তুলতেই হারিয়ে বসে প্রথম ৭ উইকেট।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ‘বি’ গ্রপের এ ম্যাচ দুদলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। সুপার ফোরে উঠতে শ্রীলংকার জিতলেই চলবে। তবে আফগানিস্তানের বড় ব্যবধানে জিতে তবেই পরের পর্বে যেতে হবে।











































