Home খেলাধুলা ‘পরিকল্পিতভাবে মেসিদের বিশ্বকাপ জিতিয়ে দেওয়া হয়েছে’

‘পরিকল্পিতভাবে মেসিদের বিশ্বকাপ জিতিয়ে দেওয়া হয়েছে’

13

স্পোর্টস ডেস্ক।।

৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০২২ সালের আগে সর্বশেষ ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে শিরোপার স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তারা। এবার সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে মেসিদের পরিকল্পিতভাবে কারচুপি করে বিশ্বকাপ জিতিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশ্বকাপে নেদারল্যান্ডকে কোচিং করানো লুই ফন হাল।

বিশ্বকাপের ফন হালের নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার সেই লড়াই এতই উত্তপ্ত হয়ে উঠেছিল যে, রেফারিকে ১৮ বার কার্ড দেখাতে হয়। শান্ত স্বভাবের মেসিও সেদিন থেমে থাকেননি। ফন হালকে উদ্দেশ্য করে দুই কানে হাত দিয়ে করেন উদযাপন। সেই রেশ যেন শেষ হয়নি এখনো।

ফন হাল বলেন, ‘আমি এটি নিয়ে খুব বেশি কিছু বলতে চাইনি। আপনি যখন দেখবেন আর্জেন্টিনা কীভাবে গোল পেয়েছে এবং আমরা কীভাবে গোল পেয়েছি (তখন বোঝা যাবে)। আর্জেন্টিনার কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছে, অথচ শাস্তি পায়নি। তখনই আমি ভেবেছি এই ম্যাচের খেলা পূর্বপরিকল্পিত ছিল।’

ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার সাবেক এই কোচ বলেন, ‘আমি যা বলেছি সেটি হচ্ছে, মেসিকে কি বিশ্ব চ্যাম্পিয়ন হতেই হতো? আমার মনে হয়, হ্যাঁ।’

কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে বিতর্ক আগেও উঠেছিল। উরুগুয়ের সাবেক তারকা দিয়েগো লুজানো বলেছিলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারির সহায়তা পেয়েছেন। কাতার বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে আর্জেন্টিনা ৫টি পেনাল্টি পায়। এর মধ্যে তিনটিই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে। কাতারে এত পেনাল্টি পায়নি আর কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ ২টি পেনাল্টি পেয়েছে কয়েকটি দল। শুধু এই টুর্নামেন্টেই নয়, বিশ্বকাপের ইতিহাসেই আর্জেন্টিনার এইবারের সমান পেনাল্টি পায়নি কোনো দল।