Home আঞ্চলিক খুলনার সব আসনেই জাপার দুর্বল প্রার্থী, সাংগঠনিক অবস্থাও নাজুক

খুলনার সব আসনেই জাপার দুর্বল প্রার্থী, সাংগঠনিক অবস্থাও নাজুক

31

স্টাফ রিপোর্টার||
খুলনার ৬টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে খাতাকলমে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। কিন্তু কোনো আসনেই নেই প্রভাবশালী কোনো প্রার্থী, সবগুলো আসনের প্রার্থীই দুর্বল। ৬টি আসনের সম্ভাব্য ১১ প্রার্থীর মধ্যে সংসদ সদস্য পদে ইতোপূর্বে নির্বাচন করা প্রার্থীর সংখ্যা মাত্র দুইজন। তবে তারাও কোনোদিন বিজয়ী হতে পারেননি। দুর্বল প্রার্থীর মতো জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও নাজুক। এক সময় খুলনার রাজনীতিতে তৃতীয় বৃহত্তম এই দলটি এখন অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, আগস্ট মাসের প্রথম দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের তালিকা পাঠানোর নির্দেশনা দেয়া হয়। সে অনুযায়ী কেন্দ্রে তালিকা পাঠিয়েছে জেলা ও মহানগর জাতীয় পার্টি। সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন খুলনা-১ আসনে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস, খুলনা-২ আসনে মহানগর সভাপতি মহানন্দ সরকার ও সহ-সভাপতি অচিন্ত্য কুমার দাস। খুলনা-৩ আসনে মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাহাঙ্গীর, খুলনা-৪ আসনে জেলা সাধারণ সম্পাদক এম হাদীউজ্জামান ও সহ-সভাপতি এম এ ফরহাদ আহমেদ। খুলনা-৫ আসনে ফুলতলা উপজেলা সভাপতি মো. সাঈদ আলম মোড়ল ও ডুমুরিয়া সভাপতি সরদার আব্দুস সবুর, খুলনা-৬ আসনে জেলা সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু।

এর মধ্যে শফিকুল ইসলাম মধু দুই বার সংসদ সদস্য ও দুই বার খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে এবং এম হাদীউজ্জামান একবার সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। অন্য ৯ জন প্রার্থী আগে কখনও সংসদ সদস্য পদে নির্বাচন করেননি।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ প্রার্থীর সবাই দুর্বল প্রার্থী। নির্বাচনে বিজয়ী হওয়ার মতো প্রভাবশালী কোনো প্রার্থী নেই। ১৯৮৬ সালের পরে আর কোনো সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী বিজয়ী হতে পারেনি। এমনকি দ্বিতীয় প্রতিদ্বন্দ্বিও হতে পারেনি পার্টির কেউ।

এদিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয়। পুরাতন, পরিত্যক্ত ও জরাজীর্ণ একটি একতলা ভবনের দুটি কক্ষ নিয়ে এই কার্যালয়। কার্যালয়টিতে দিনে বা রাতে নেতাকর্মীদের তেমন কোনো ভিড় থাকে না। দলের পদধারীরা মাঝেমাঝে কার্যালয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একাধিক নেতা বলেন, তাদের সাংগঠনিক অবস্থা এখন দলীয় কার্যালয়ের মতোই নাজুক। এক সময় খুলনার রাজনীতিতে জাতীয় পার্টি ছিল তৃতীয় বৃহত্তম দল। কিন্তু সেই দিন আর নেই। দিন দিন কর্মী-সমর্থক কমে যাচ্ছে। তারা বলেন, আমরা না সরকারি দল, না বিরোধী দল। তবে বেশিরভাগ সময়ই সরকারঘেষা অবস্থান থাকে। এ রকম একটি অবস্থায় থেকে দলে কর্মী-সমর্থক ধরে রাখা খুবই কঠিন।

দলের নেতারা জানান, চলতি বছরের ২ মার্চ মহানগর ও ৩ মার্চ জেলা কমিটির সম্মেলন হওয়ার পর ১১১ সদস্য বিশিষ্ট পৃথক দুটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কিছুদিন আগে জেলা যুব সংহতির সম্মেলন হলেও মহানগর কমিটি নেই। মহানগর ও জেলায় ছাত্র সমাজের পৃথক কমিটি থাকলেও তাদের দলীয় কোনো কর্মকাণ্ড নেই বললেই চলে।

এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টি যদি কোনো জোটে না যায় তাহলে আলাদাভাবে খুলনার সবগুলো আসনেই নির্বাচন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। সাংগঠনিক দুরবস্থার কথা স্বীকার করে তিনি বলেন, শহরের তুলনায় গ্রামে জাতীয় পার্টির অবস্থা কিছুটা ভালো।

মহানগর জাতীয় পার্টির সভাপতি মহানন্দ সরকার বলেন, কেন্দ্রে পার্টির বিভক্তি না থাকলে হয়তো খুলনা বা অন্যান্য জেলায় পার্টির অবস্থা ভালো হতো। অনেকেই এখন ক্ষমতার স্বাদ পেতে চায়। যে কারণে সুবিধাবাদীরা দল ত্যাগ করে অন্য দলে যাচ্ছে। তারপরও তারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন।