Home খেলাধুলা খুলনায় কিশোরী ফুটবলারদের ওপর হামলার মামলায় চার্জশিট চলতি মাসেই

খুলনায় কিশোরী ফুটবলারদের ওপর হামলার মামলায় চার্জশিট চলতি মাসেই

47

স্টাফ রিপোর্টার||
খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে হাফপ্যান্ট ও জার্সি পরে ফুটবল খেলার কারণে কিশোরী ফুটবলারদের ওপর হামলার মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসেই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে বটিয়াঘাটা থানা পুলিশ। এদিকে হামলার ঘটনার পর ফুটবলের প্রতি আগ্রহ কিছুটা কমেছে কিশোরী ফুটবলার ও তাদের অভিভাবকদের। সে কারণে ফুটবল অনুশীলনে কমে গেছে মেয়েদের সংখ্যা।

‘তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি’র সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার মণ্ডল বলেন, ফুটবল অনুশীলনে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে, এখন সবাই আসে না। কারণ একবার হামলা হয়েছে, অভিভাবকরা সবাই মেয়েদের নিয়ে ঝামেলা এড়াতে চায়। অভিভাবক ও মেয়েদের মধ্যে কিছুটা অনাগ্রহ তৈরি হয়েছে। আগে প্রতিদিন ১৫ থেকে ২০ জন আসতো, এখন সেখানে আসে ৭ থেকে ১১ জন।

তিনি বলেন, মেয়েদের নিরাপত্তার সমস্যা আপাতত নেই, কিন্তু বিষয়টি তো সাময়িক সময়ের জন্য নয়, এটা দীর্ঘমেয়াদী বিষয়। আসামিরা যখন বের হবে, পরবর্তী পরিস্থিতি কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

হামলার শিকার সাদিয়া নাসরিন বলেন, হামলা এবং সামাজিক সমালোচনার ভয়ে মেয়েদের বেশ কয়েকজন এখন ফুটবল অনুশীলনে আসে না। এখন মাত্র ৭ থেকে ৮ জন নিয়মিত আসে।

হামলায় আহত হওয়া মঙ্গলী বাগচী বলেন, আমি বাড়িতে বিশ্রামে রয়েছি, এখনও পুরোপুরি সুস্থ হইনি। সে কারণে অনুশীলনে যাচ্ছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, হামলার ঘটনার পর এখন গ্রামের কিছু মানুষ হাফপ্যান্ট ও জার্সি পরে কিশোরীদের ফুটবল খেলা নিয়ে সমালোচনা করে। সে কারণে তারা তাদের সন্তানদেরকে আপাতত অনুশীলন করতে নিরুৎসাহিত করেছেন।
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, হামলায় আহত ফুটবলার মঙ্গলী বাগচী কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিল। তার মেডিকেল রিপোর্ট ইতোমধ্যে বটিয়াঘাটা থানা পুলিশের কাছে দেয়া হয়েছে।
কিশোরী ফুটবলারদের অভিযোগ, গত ২৭ জুলাই তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুশীলন করার সময় সাদিয়ার হাফপ্যান্ট ও জার্সি পরা ছবি তুলে তার মাকে নিয়ে দেখিয়ে কটূক্তি করে প্রতিবেশী নুপুর খাতুন। ২৯ জুলাই সাদিয়া নুপুরের কাছে বিষয়টি জানতে চাইলে নুপুর তাকে গালাগাল করে। পরে ফুটবলাররা বিষয়টি জানাতে নুপুরদের বাড়িতে গেলে নুপুরের পরিবারের লোকজন সাদিয়া, মঙ্গলী বাগচী, হাজেরা খাতুন ও জুঁই মণ্ডলকে মারধর করে।

এ ঘটনায় ৩০ জুলাই সাদিয়া বাদী হয়ে চারজনকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন। এরপর মামলা তুলে না নিলে এসিড মেরে মুখ ঝলসে দেয়ার হুমকি দেয় এক আসামি। এর পরিপ্রেক্ষিতে সাদিয়া ৩১ জুলাই থানায় জিডি করেন।

বটিয়াঘাটা থানার ওসি মো. শওকত কবির জানান, মামলার আসামি নুপুর খাতুন, তার বাবা নূর আলম, মা রঞ্জি বেগম ও ভাই সালাউদ্দিন খাঁ বর্তমানে কারাগারে রয়েছে। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসেই চার্জশিট দাখিল করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, ফুটবলারদের অনুশীলন কিংবা খেলাধুলার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই।