পিরোজপুর প্রতিনিধি||
পিরোজপুরে ভাণ্ডারিয়া উপজেলায় বেড়াতে নিয়ে গিয়ে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ইতোমধ্যে এ ঘটনায় স্বামী-শাশুড়িসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নারী হলেন, ভাণ্ডারিয়া শ্রীপুর গ্রামের মজিবুর রহমান মুন্সির মেয়ে সাদিয়া আক্তার মুক্তা (১৮)। অভিযুক্ত ব্যক্তি ভাণ্ডারিয়া পৌর শহরের টিঅ্যান্ডটি সড়কের মামুন জোমাদ্দারের ছেলে মুনিম জোমাদ্দার।
স্থানীয়রা জানান, মুনিম জোমাদ্দার বছরখানেক আগে মুক্তাকে বিয়ে করেন। কয়েক দিন আগে পারিবারিক কলহের কারণে মুক্তাকে তার স্বামী মারধর করে। পরে এ ঘটনার পর মুক্তা বাবার বাড়ি চলে যায়। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে মুক্তাকে নিয়ে আসেন। পরে মুনিম তার শাশুড়িকে ফোন করে বিকেল ৩টার দিকে জানান, তার মেয়েকে হত্যা করেছেন তিনি।
নিহতের স্বামী মুনিম জানান, মুক্তাকে নিয়ে ভাণ্ডারিয়ার চেচরী রামপুর ব্রিজের কাছে নিয়ে যান। পরে সেখানে আগে থেকেই মুনিমের বেশ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিল। এ সময় তাদের সহযোগিতায় হিজাব পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর বেড়িবাঁধের পাশে মরদেহ ফেলে রাখেন। এ সময় ঘটনাটি মুনিম তার মাকে জানালে তিনি মুক্তার মরদেহ সেখান থেকে এনে ভাণ্ডারিয়ার কানুয়া গ্রামের একটি ইটভাটার পাশে কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখেন।
ওসি আশিকুজ্জামান জানান, শুক্রবার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে কল পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।











































