ঢাকা অফিস||
আওয়ামী লীগ দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে এগিয়ে যাব বিজয়ের সোনালি বন্দরে। আমরা ফ্রি (অবাধ), ফেয়ার(সুষ্ঠু), ক্রেডিবল (গ্রহণযোগ্য) ইলেকশন (নির্বাচন) চাই। আমাদের লিডার বারবার এ কথা বলে দিয়েছেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের বিদেশি বন্ধুদের ম্যাসেজ দিতে চাই, আমরা ফ্রি, ফেয়ার নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার।’
এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ‘এই প্রকল্পের যেখানে যে সমস্যা ছিল, তিনি (শেখ হাসিনা) সমাধান করে দিয়েছেন, এখনও করছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, আমরা তাকে স্বাগত জানাই। তিনি মেট্রোরেলের উদ্বোধনে ছিলেন, আজকেও আছেন। দুই বোন একসঙ্গে বসে আছে, কত ভালো লাগছে।’
তিনি বলেন, ‘সবাই একদিন চলে যাবে। দুটি লিগ্যাসি (উত্তরাধিকার) কোনোদিন শেষ হবে না। একটা আমাদের মুক্তিযুদ্ধের লিগ্যাসি, আরেকটি অর্থনীতির। এটা সবাইকে স্বীকার করতে হবে।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতু সচিব মো. মনজুর হোসেন প্রমুখ।











































