শহিদুল ইসলাম দইচ যশোর।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় নয়, এ সরকার মুদ্রা পাচারের চেতনায় বিশ্বাসী। দুর্নীতিবাজরা শেখ হাসিনাকে ভাগা দেয়। যে কারণে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আজ বিকেলে যশোর জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবাষির্কীর শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে যশোর শহরের ভোলাট্যাঙ্ক রোডে শোভাযাত্রা পূর্ব এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, কোন শক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারবে না । জনগণের সামনে মাথানত করতেই হবে ।
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। প্রতিদিন মার খাওয়া সম্ভব না। যখন জবাব দিব কাউকে দেখা হবে না।
গয়েশ্বর বলেন খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো না। যেকোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। লুটেরা দুর্নীতিবাজরা বিদেশে চিকিৎসা নিতে পারলেও তাকে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। তার চিকিৎসার দায়িত্ব সরকারের।
সমাবেশে বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর সমন্বয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।









































