খেলাধুলা ডেস্ক।।
ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখা আর্লি হলান্ড ও কেভিন ডে ব্রুইনে ছিলেন দাবিদার। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বসেরার ট্রফি এনে দেওয়া লিওনেল মেসিও। কিন্তু ডে ব্রুইনে ও মেসিকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতে নিয়েছেন হলান্ড।
মোনাকোয় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠানে ২০২২-২৩ মৌসুমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরো মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পারফরম্যান্সের বিচারে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে।
সিটির ট্রেবল জয়ের পথে হলান্ডের জন্য মৌসুমটা ছিল স্বপ্নময়। গত গ্রীষ্মে সিটিতে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে ঝড় তোলেন এই স্ট্রাইকার। লিগে ৩৭ ম্যাচে জালের দেখা পান ৩৬ বার। ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। সতীর্থদের দিয়ে ৮টি গোলও করান নরওয়ের এই তারকা।
সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথচলায়ও ভালো অবদান ছিল হলান্ডের। ১১ ম্যাচে গোল করেন ১২টি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩৫ গোল এখন এই ২৩ বছর বয়সীর। এত সাফল্যের সিঁড়ি বেয়ে বেশ কয়কটি পুরস্কার জেতার পর এবার উয়েফার বর্ষসেরার খেতাবও জিতে নিলেন তিনি।










































