Home আঞ্চলিক পাট জাগ দিতে পুকুর ভাড়া

পাট জাগ দিতে পুকুর ভাড়া

78

নিজস্ব প্রতিনিধি।।
বর্ষাকালেও তেমন খুব একটা বৃষ্টি নেই কুষ্টিয়ার ভেড়ামারায়। বৃষ্টি হলেও নিজ পুকুর না থাকায় পাট জাগ দিতে বাড়তি খরচে নিতে হচ্ছে পুকুর ভাড়া।

উপজেলার কৃষি অফিসের তথ্যমতে, এই মৌসুমে ২৭ হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তোষা ও দেশি জাতের পাট।

উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর গ্রামের পাট চাষি মতিউর রহমান বলেন, ২০ শতক জমিতে পাট চাষ করি। কিন্তু এবছর সময়মতো বৃষ্টি না হওয়ায় ফসল খরায় নষ্ট হয়েছে। আবাদ কম হয়েছে। যা অবশিষ্ট রয়েছে তা একটি পুকুরে ভাড়া দিয়ে জাগ দিয়েছি। ২০ শতক জমির পাট জাগ দিতে বাড়তি ৫০০ টাকা দিতে হয়েছে। এদিকে পাট কাটতে ৪ জন শ্রমিককে ২ হাজার টাকা এবং জাগ তৈরি করতে ২ জন শ্রমিককে ৮০০ টাকা দিতে হচ্ছে। ভাড়া পুকুরটিতে ১৩ থেকে ১৫ দিন জাগ দিয়ে রাখতে হবে। ২০ শতক জমিতে মোট ৫ মণ পাট পাবো বলে আশা করছি।

চাষি নূর নবী, আইনুল ইসলাম বলেন, খাল-বিলে পানি না থাকায় এ বছর অনেকে বাধ্য হয়ে মাছ চাষের পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছেন। আবার অনেক চাষি বৃষ্টির আশায় পাট কেটে ক্ষেতেই রেখেছেন। অনেকে পাট কাটছেন না। কেউ কেউ নদীতে জাগ দিলেও নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় পাট ভেসে যাচ্ছে।

চাদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাট চাষি এনামুল হক বলেন, আমরা নদী পাড়ের বাসিন্দা। সময়মতো বৃষ্টি না হওয়ায় এবছর প্রায় সবধরণের সফল নষ্ট হচ্ছে। ফলন কম হচ্ছে। আমাদের আবাদকৃত পাট নদীতে জাগ দিতে চেয়েছিলাম কিন্তু কয়েকদিনে বৃষ্টিতে নদীর স্রোতে বেড়েছে। জাগ দিলে ভেসে যাওয়ার শঙ্কা আছে। পাট জাগ দিতে ডোবা ও পুকুর ভাড়া নিয়েছি।

মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামের পাট চাষি দেলোয়ার হোসেন বলেন, পাটচাষে বীজ, সার-কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ বাবদ ব্যয় হয়েছে ১৬ হাজার টাকা। এর সঙ্গে পাট জাগের খরচ অতিরিক্ত লাগছে। বর্তমান বাজারমূল্য প্রতিমণ ২ হাজার ২০০ টাকা। পাট চাষে এ বছর কোনোমতে উৎপাদন খরচ উঠলেও লাভবান হবো না।

ভেড়ামারা উপজেলার ৬৮পাড়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, এলাকার একটি পুকুরে পাট জাগ দিয়েছিলাম। অল্প পানিতে জাগ দেওয়ায় পাটের রঙ ভালো হয়নি। তাই পাটের দাম কম পেরেছি। এখন পাটকাঠি শুকানোর কাজ করছি। কিছু পাটকাঠি নিজের প্রয়োজনের জন্য বাড়িতে স্তুপ করে রেখেছি। বাকিগুলো বিক্রি করেছি ২০০ আটি পাটকাঠি ১৬০০ টাকায়।

পুকুর মালিকরা জানান, কৃষকদের অনুরোধে পাট জাগ দিতে স্বল্পমূল্যে পুকুর ভাড়া দেয়া হয়েছে। ডিজেলচালিত সেচযন্ত্র ব্যবহার করে পুকুরে পানি সংরক্ষণ করছেন।

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়েখুল ইসলাম বলেন, চলতি মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে। কিন্তু পাট পচানোর পানি না থাকায় চাষিরা সমস্যায় রয়েছেন। বর্তমানে বর্ষা শুরু হয়েছে। অতিদ্রুত পানি সংকট কেটে যাবে।