অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
নেপাল ভ্রমণে গিয়ে বাস দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ওষুধ ব্যবসায়ী সুজিত মণ্ডল (৩০)। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
অভয়নগর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ ও নিহতের ভাগ্নে অপু মল্লিক জানান, গত ২৩ আগস্ট বুধবার সকালে তিনি নেপালের পর্যটক শহর পোখারা গিয়ে পৌঁছান। সেখান থেকে বাসযোগে কাঠমান্ডু শহরে যাওয়ার পথে গাজুরি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ৮ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাংলাদেশি ২ জনসহ ১৫ জন যাত্রী।
তিনি জানান, বাংলাদেশি দুই যাত্রীর মধ্যে গুরুতর আহত হন নওয়াপাড়ার ওষুধ ব্যবসায়ী সুজিত মণ্ডল। আহত অবস্থায় তাকে নেপালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকাকালীন অবস্থায় তিনি শনিবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
নিহত সুজিত মণ্ডল নওয়াপাড়া শহরের কালীবাড়ি এলাকার মৃত দুর্গাপদ মণ্ডলের ছেলে।











































