Home খেলাধুলা ‘ভারতের এশিয়া কাপ জয় নিশ্চিত, বিশ্বকাপ নয়’

‘ভারতের এশিয়া কাপ জয় নিশ্চিত, বিশ্বকাপ নয়’

17

স্পোর্টস ডেস্ক।।

এশিয়া কাপের ফেভারিট কারা? রোহিত শর্মার হাতে এবারের শিরোপা দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। তবে বিশ্বকাপে রোহিত-বিরাটদের সম্ভাবনা কম দেখছেন ভারত ক্রিকেট দলের সাবেক এই কোচ।
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপও আয়োজিত হচ্ছে ৫০ ওভারে। আর এই ফরম্যাটে গত ৪ বছরে সফলতম দল ভারতই। মহাদেশীয় টুর্নামেন্টটির সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া সবশেষ শিরোপা জিতেছিল ২০১৮ সালে। মদন লালের দৃঢ় বিশ্বাস, এবারও শিরোপা উঠবে ভারতের শোকেসেই। তবে বিশ্বকাপ নিয়ে নিশ্চিত নন তিনি। ভারতের হয়ে ৩৯ টেস্ট ও ৬৭ ওয়ানডেতে ১৪৪ উইকেট নেয়া পেসার মদন লাল বলেন, ‘আমি নিশ্চিত ভারত এশিয়া কাপ জিতবে। কিন্তু বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো আরো ৬টি দল আছেÑ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।’

২০১১ সালে শেষবার নিজেদের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল ভারত। সবশেষ তিন আসরেও বিশ্বকাপ জেতে আয়োজক দেশই। স্বাগতিকদের সাফল্যের ধারা অব্যাহত রেখে ভারত কি এবারও শিরোপা জিততে পারবে? মদন লালের ভাষ্য, আয়োজক হওয়ায় সুবিধার সঙ্গে অসুবিধাতেও পড়বে ভারত।

 

১৯৮৩ বিশ্বকাপজয়ী তারকা মদন লাল বলেন, ‘ঘরের মাঠে এবার বিশ্বকাপ। এটা একটা সুবিধা। আবার একই সঙ্গে অসুবিধারও। ঘরের মাঠে খেলাটা চাপের ব্যাপারও হয়ে উঠতে পারে।’
মদন লাল বলেন, ‘আমার একমাত্র চিন্তা ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। তারা অভিজ্ঞ এবং অনেক ম্যাচ খেলেছে। তারা যদি দুয়েকটা ম্যাচ খেলতে পারে, তাহলে সেটি তাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে। এর ফলে তাদের মধ্যে এই অনুভূতি তৈরি হবে যে, তারা ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট এবং তারা খেলার মধ্যেই আছে।’ এশিয়া কাপ শেষে এবং বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।