মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে একটি বিষধর খৈয়ে কোবরা সাপ। বৃহস্পতিবার দুপুরে এই সাপটি পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। এর আগে বিষধর এ সাপটি বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ষ্টাফেরা সকালে খুলনার বটিয়াঘাটা থেকে উদ্ধার করেন। মাছের ঘেরে পানি সরানোর সময় জালে আটকা পড়ে সাপটি।
করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, খৈয়ে কোবরা সাপটি খুবই বিষধর। এটি কোন মানুষকে কামড় দিলে সাথে সাথে সে মারা যাওয়ার ঝুঁকি থাকে। উদ্ধার হওয়া সাপটি দুপুরে করমজলের বনের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এটি প্রাকৃতিক বন্যপ্রাণী, প্রকৃতির মাঝেই এদের আপন ঠিকানা। তাই প্রাকৃতিক বনের মধ্যেই ছেড়ে দেয়া হয়েছে খৈয়ে কোবরা সাপটি।








































