স্টাফ রিপোর্টার।।
জেলার দাকোপ উপজেলার কে জি ভি জে সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি পরস্পরযোগে স্বজনপ্রীতি, দুর্নীতি ও মোটা অংকের টাকার বিনিময়ে অফিস সহায়ক নিয়োগ দেওয়ার চেষ্টা করছে।
এই বিষয়ে খুলনা জেলা প্রশাসক, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মিলে তাদের পছন্দের প্রার্থী উর্মি মন্ডল নামে একজনকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেওয়ার তোড়ঝোড় শুরু হয়েছে। যার কারণে আগামী ১৮ আগষ্ট পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এই নিয়োগ যেন স্বচ্ছ এবং যোগ্যতা অনুযায়ী হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
স্কুল কমিটির সভাপতি নীলপদ মন্ডল জানান, নিয়োগ হওয়ার কথা। তবে কবে পরীক্ষা সেটা আমি জানি না। কোন টাকা পয়সা লেনদেনের বিষয়টিও আমি জানি না। স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরদার বলেন, নিয়োগের বিষয়ে আপনার সাথে পরে আলোচনা করব। তবে দুর্নীতি বা লেনদেনের খবর সঠিক নয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী জানান, এই স্কুলের নিয়োগের বিষয়ে কিছু সময় আগে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি দেখব। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন বুধবার বিকেলে বলেন, স্কুলটির নিয়োগের একটি অভিযোগ এসেছে। এটা আমরা গুরুত্ব সহকারে দেখছি।











































