Home বিনোদন দোষী সাব্যস্ত চমক

দোষী সাব্যস্ত চমক

17

বিনোদন ডেস্ক।।
‘শ্বশুরবাড়ির প্রথম দিন’- নাটকের শুটিং সেটের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে গত ক’দিন ধরেই আলোচনা তুঙ্গে। অবশেষে তা সাংগঠনিকভাবে সমাধান হলো। ঘটনার সার্বিক বিশ্লেষণ শেষে অভিনয়শিল্পী সংঘের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তাকে আর্থিক জরিমানার পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ১৪ই আগস্ট রাতে এ সিদ্ধান্ত লিখিত আকারে গণমাধ্যমে পাঠানো হয়েছে অভিনয়শিল্পী সংঘের প্যাডে। সেখানে বলা হয়েছে, শুটিং সেটে উত্তেজিত অবস্থায় চমক যে আচরণ করেছেন, যার কারণে সেটে পুলিশ আসা, শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ক্ষতি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম এবং নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তীতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতীয়মান হয়। দোষী সাব্যস্ত হওয়ায় চমকের ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এগুলো হলো- ১) ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন। ২) ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’- নাটকটি নির্মাণ সম্পন্ন করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে, তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবেন। ৩) অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তা অনতিবিলম্বে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন।

৪) ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, যদি ঘটে তবে সংগঠন কর্তৃক যেকোনো শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন।

 

আগামী ৬ মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ যেন না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন। সভায় উপস্থিত ছিলেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, অভিনয়শিল্পী সংঘের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ অনেকে। সভা শেষে সিদ্ধান্ত অনুযায়ী নিজের ভুলের জন্য অনুতপ্ত হন চমক। সেই সঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের প্রতি দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যেহেতু ঘটনাটি শুটিং সেটে সবার সামনে হয়েছিল, তাই পুনরায় সেই নাটকের সেটে গিয়ে সবার সামনেই দুঃখ প্রকাশ করতে হবে চমককে।