ঢাকা অফিস।।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, হুমায়ুন পারভেজ, সুমন, জাকিরকে গুম করেছে। গুম করতে করতে এখন ওরা নারীর ইজ্জতকেও গুম করা শুরু করেছে।
রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নারী নেত্রীদের নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই দেশে যারা মন্ত্রী বলে দাবি করেন, তারা আজ লাগামহীন। কারণ তারা জানে তাদের ভোট করতে হবে না। সুষ্ঠু ভোটের দরকার নেই। জনগণের কাছে যেতে হবে না। ফলে তারা যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বলছে। ওরা ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রত্যেক জায়গা থেকে বিচ্ছিন্ন। ওরা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছুদিন আগে পাশের দেশ থেকে তারা ঘুরে এসেছে। সেখানে আশানুরূপ কিছু পেয়েছে বলে মনে হয় না। তাই এখন তারা বিএনপির নারী নেত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করছে।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবিতে একটি ঝাড়ু মিছিল করে। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে এসে শেষ হয়। পরে তথ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের একটি ঘটনা উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘মহানগর গোয়েন্দা পুলিশকে বলতে চাই, মহিলা দলের নেত্রীদের নিয়ে মানহানিকর ও অশ্লীল বক্তব্য দিয়েছেন হাছান মাহমুদ। এখন দেখি মহানগর গোয়েন্দা পুলিশ কি করে? এখন তারা মানহানির মামলার পরামর্শ দেয় কি না?








































