খবর বিজ্ঞপ্তি।।
শেখ হাসিনার পতনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে গণতন্ত্রমনা সকল দল কর্মসূচি দিয়েছে। নিশ্চিত হয়েছে উনি আর ক্ষমতায় থাকতে পারছেন না।
শুক্রবার খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক উপ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গুম-খুন, নির্যাতিত, অসহায় ও অস্বচ্ছল নেতাকর্মীদের পরিবারের সন্তানদের মাঝে এ উপ বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
রুহুল কবির রিজভী বলেন, কেউ যদি মিথ্যাচারিতা শিখতে চান তবে শুধুমাত্র শেখ হাসিনাকে অনুসরণ করলেই চলবে। উনি বিদেশিদের কাছে বলেছেন, ১৪ বছর ধরে তিনি দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন। দিনের ভোট রাতে করে, জনগনের সব ধরনের অধিকার কেড়ে নিয়ে উনি মিথ্যাচারের মডেলে পরিণত হয়েছেন। আইএমএফ’র চাপে সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে রিজার্ভ ২৩.৭ মিলিয়ন ডলার। এরা দূর্নীতির মাধ্যমে রিজার্ভ শেষ করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। গণতন্ত্র শেষ করেছে। ব্যাংকগুলো এলসি খোলা বন্ধ করে দিয়েছে।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাত্র ২/৩ দিনের প্রস্ততিতে নয়া পল্টনে বিএনপির সমাবেশে জনসমুদ্র সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেন রিজভী। অপরদিকে ৭১ সালের শান্তি কমিটির মতো একটি শান্তি সমাবেশ করেছেন ওবায়দুল কাদের সাহেবরা। যার শুরুতে ছিল চেয়ার ছোড়াছুড়ি। ওই সমাবেশে শেখ হাসিনার ফুপাতো ভাই উত্তর সিটির মেয়র তাপস বলেছেন, আগামী জানুয়ারীতে ঢাকা দখল করে তারা নির্বাচন করে দেখিয়ে দেবেন। এই বক্তব্যে তাদের মনোভাব প্রকাশ হয়ে পড়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমুখি কর্মকান্ড তুলে ধরে রিজভী বলেন, নির্যাতন নীপিড়নের শিকার রাজনৈতিক নেতাকর্মী ও তার পরিবারের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশন। তাদের চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে। জিয়াউর রহমান বেঁচে থাকতে এ ধরনের গণমুখি কর্মকান্ডের মাধ্যমে রাজনীতিকে জনগনের কাছে নিয়ে গিয়েছিলেন।
আজ যাদেরকে শিক্ষা বৃত্তি দেয়া হলো, তাদের লেখাপড়ার মানের দিকে সতর্ক নজর রাখার আহবান জানান রুহুল কবির রিজভী। বলেন, এই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এখন খাতায় কিছু না লিখলেও পাশ করা যায়। দুই লাইন লিখলে পাওয়া যায় জিপিএ পাঁচ।
দেশ আজ চরম সংকট ও সমাজে আতংকের পরিবেশ বিরাজ করছে দাবি করে রিজভী বলেন, জনগনের কাছে দেশের মালিকানা থাকলে আজকের রাজনীতি অন্য রকম হতো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সার্বিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তাঁর বক্তব্যের আগে পুলিশের গুলি, নির্যাতন ও শাসক দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত পাঁচজন নেতার পরিবারের সন্তানদের লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য উপ বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন সাতক্ষীরার বিএনপি নেতা ওলিউল্লাহর স্ত্রী মিসেস সালিমা, বাগেরহাটের স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম ভূঁইয়া তানুর স্ত্রী কানিজ ফাতেমা, ঝিনাইদহের বিএনপি নেতা মিন্টু বিশ^াসের স্ত্রী মোসাম্মাৎ তাহমিনা আক্তার, ঝিনাইদহের যুবদল নেতা পলাশের বাবা গোলাম মোস্তফা এবং খুলনার ফুলতলায় শেখ মোঃ সাজ্জাদুজ্জামান জিকোর মাতা।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষা উপ বৃত্তি প্রকল্প উপ কমিটির আহবায়ক ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির চেয়ারম্যান ডাঃ শাহ মোঃ আমানুল্লাহ, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অনুভূমি ব্যক্ত করে বক্তব্য রাখেন শহীদ তানু ভূঁইয়ার বিধবা স্ত্রী কানিজ ফাতেমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম ও খুলনা বিশ^বিদ্যালয়ে অধ্যাপক নাজমুস সাদাত।
খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাংগঠনিক মতবিনিময়
খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেডআরএফ খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রস্ততি কমিটর আহবায়ক কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।
প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেডআরএফ নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন জেডআরএফ সাংগঠনিক কমিটির আহবায়ক ডাঃ এ এস হায়দার পারভেজ ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সভা প্রস্ততি কমিটর সদস্য সচিব ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, অর্থ সচিব ডাঃ স ম গোলাম আজম, মনিটর (প্রকৌশলী) আরিফুল ইসলাম জুয়েল, মনিটর (চিকিৎসক) ডাঃ মেহেদী হাসান ও মনিটর (শিক্ষক) প্রফেসর ড. কামরুল আহসান।
প্রধান অতিথি ডাঃ ফরহাদ হালিম ডোনার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে জেডআরএফ-এর লক্ষ্য, উদ্দেশ্য ও দেশব্যাপি সম্পাদিত ও বর্তমানে চলমান কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মেধাবী শিক্ষাবিদ, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও অন্যান্য শ্রেণি পেশার বিশেষজ্ঞদের সমন্বয় করে দেশের উন্নয়ন করার চেষ্টা করেছিলেন। তিনি দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের একত্রিত করে দেশের উন্নয়নে তার কর্মপরিকল্পনা পেশ করেছিলেন।
সেই দর্শনের আলোকে তারেক রহমান জেডআরএফ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ইত্যাদি সেক্টরে উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে বৃহৎ পরিসরে জেডআরএফ-এর কার্যক্রম দেশব্যাপি বাস্তবায়নের জন্য প্রতি বিভাগে কমিটি করা হচ্ছে।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, চিকিৎসক, কৃষিবিদ ও প্রকৌশলীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষাবিদ মোঃ খালিদ হোসেন।











































