নিজস্ব প্রতিবেদক।।
ঋন না দিয়ে ঘুরাঘুরির কারনে খুলনার রূপসা উপজেলার সেনেরবাজার এলাকায় আশা সমিতির ব্রাঞ্চ অফিসেই একজন নারী গ্রাহকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত্যুবরণকারী গ্রাহকের নাম ববিতা রানী দাশ (৩৭)। তিনি মিল্কি দেয়াড়া চেয়ারম্যান মোড় এলাকার অমিয় কুমার দে’র স্ত্রী। তাকে বেসরকারি একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ববিতা রানী ২ পুত্র ও একজন কন্যা সন্তান রেখে গেছেন। এঘটনায় ওই পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ববিতা রানীর বড় বোন চম্পা রানী মন্ডল জানান, গত তিন মাস ধরে ঋন দেয়ার কথা বলে ববিতা রানীকে ঘুরাচ্ছিলেন আশা সমিতির ওই ব্রাঞ্চের সহকারি ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে আমার বোন ব্রাঞ্চ অফিসে গেলে ঋন পেতে আরও দেরি হবে শুনে মানষিকভাবে ভেঙ্গে পড়ে সেখানেই অসুস্থ্য হয়ে পড়েন।
ববিতা রানীর ছেলে অমিত কুমার দে জানান, আমার মায়ের দেড় লাখ টাকা ঋন নেয়া ছিলো। সেই ঋন নিয়ম অনুযায়ী পরিশোধের পর নতুন করে আড়াই লাখ টাকার ঋনের প্রস্তাবনা করা হয়। গত তিন মাস ধরে তারা আমার মা’কে ঘুরাচ্ছেন। সেখানে আমাদের ৫০-৬০ হাজার টাকা সঞ্চয় রয়েছে। গতকাল বুধবার ঋনের বিষয়ে গেলে আশা সমিতির সহকারি ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ কি বলেছেন জানিনা। মা হয়তো সে কথা সহ্য করতে না পেরে সেখানেই স্ট্রোক করেন। খবর পেয়ে সেখানে গিয়ে সমিতির কক্ষেই একটি খাটে মায়ের অচেতন দেহ পড়ে থাকতে দেখেন তিনি। এরপর তাকে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।
এবিষয়ে আশা সমিতির ওই ব্রাঞ্চের সহকারি ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, পুর্বের দেড়লাখ টাকা ঋন ভালো ভাবেই পরিশোধ করেছেন ববিতা রানী নামের ওই গ্রাহক। নতুন করে আড়াইলাখ টাকা ঋন প্রস্তাবও করেছিলেন। তবে ঋন দেয়ায় একটু দেরি হচ্ছিলো ঠিকই। তবে তিনি অন্য ব্রাঞ্চের থেকে একটু বেশি ঋন নেয়ার জন্য আমার কাছে গতকাল কাগজপত্র চাইতে এসেছিলেন বলেও জানান তিনি।











































