ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদরের পাগলাকানাই ইউনিয়নে জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
লিটন মন্ডল জেলা সদরের বাড়িবাথান গ্রামের রেজাউল মন্ডলের ছেলে এবং পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। এদিকে যুবদল নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে শহরের হামদহ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন লিটন মন্ডল। পথে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সামনে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন সুলতানা বলেন, ‘লিটনের ডান হাত পুরোটা এবং বাম হাতের বেশির ভাগ অংশ কাটা পড়েছে। এছাড়াও দু-পা এবং শরীরের অন্যান্য স্থানেও ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। শারীরিক অবস্থা খুবই আশংকাজনক। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘পূর্ববিরোধের জেরে তাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এটা মূলত স্থানীয় সামাজিক বিরোধ। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’
এদিকে তাৎক্ষণিক সদর হাসপাতালে আসা জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‘যুবদল করার কারণেই লিটন মন্ডলকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এর আগেও তার ওপর একাধিকবার হামলা হয়েছিল। এখন বিক্ষোভ মিছিল করেছি। সামনে এর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে।’











































