স্পোর্টস ডেস্ক।।
লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক কয়েক বছর আগেই অতীত হয়ে গেছে। তবে এই ক্লাবের ঘরের মাঠের প্রতিটা ঘাস তিনি হাতের তালুর মতো চেনেন। এই ভেন্যু কত শত রেকর্ড গড়েছেন তার যেন কোনো শেষ নেই। এবার কালের নিয়মে সেই মাঠের চিহ্ন আর রাখতে চায় না বার্সেলোনা। তাই খুব দ্রুততার সঙ্গে ভেঙে ফেলা হচ্ছে ‘এলএমটেন’-এর বেড়ে ওঠার স্টেডিয়াম। খবর ডেইলি মেইলের।
আসলে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু ভেঙে ফেলা হচ্ছে। খবরটা শুনে শুধু মেসি কেন, বার্সার অগণিত সমর্থকদের মন খারাপ হয়েছে স্পেনের যে ক্লাবের মাঠে লিও মেসি বড় হয়ে উঠেছেন, সেখানকার ছবি দেখে অনেক সমর্থকই হতাশ। কিন্তু এই মাঠ ভেঙে ফেলা হচ্ছে নতুন করে তৈরি করা হবে বলে। ২০২৬ সালের মার্চের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। তত দিন পর্যন্ত বার্সেলোনা খেলবে মনটুইকে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে। মাঠটিকে এখন চেনাই দায়।
এ নিয়ে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে। লেখা হয়েছে, ‘২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে। ১০০০ দিনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে। তারপর সমর্থক, সদস্য সকলে মিলে আনন্দ করে খেলা দেখা যাবে। নতুন স্টেডিয়ামে সব সুবিধা পাওয়া যাবে তখন। নতুন করে সাজানো হবে এই স্টেডিয়ামকে।’
এর আগে ১৯৫৭ সালে ক্যাম্প ন্যু তৈরি হয়েছিল। প্রায় এক লাখ দর্শক ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামের গ্যালারিতে। ২০২৬ সালে আরও বড় স্টেডিয়াম তৈরি হবে। ফলে দর্শক সংখ্যাও বাড়বে। তবে স্টেডিয়াম ভেঙে এর আগেও ১৯৮২ এবং ১৯৯৪ সালেও নতুন করে তৈরি করা হয়েছিল।
এদিকে আর্জেন্টাইন অধিনায়ক মেসি মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনাতে এসেছিলেন। তিন বছর ছিলেন যুব দলে। তারপর বার্সেলোনার সি, বি দল পেরিয়ে সিনিয়র দলে ঢোকেন। সেটা ছিল ২০০৪ সালে। ১৭ বছর সেই দলের হয়ে খেলেন মেসি। ২০২১ সালে স্পেনের দল ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। দু’বছর আগে মেসি চোখের জলে বিদায় জানিয়েছিলেন বার্সেলোনাকে। দু’বছর ফরাসি ক্লাবে খেলার পর এখন মেসি ইন্টার মায়ামিতে।











































