Home খেলাধুলা নতুন ব্যবসায় টাকা ঢাললেন রোনালদো

নতুন ব্যবসায় টাকা ঢাললেন রোনালদো

20

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের সবচেয়ে ধনী ফুটবলারও এই পর্তুগিজ। গত মে মাসের এক পরিসংখ্যানে দেখা গেছে, ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার নিয়ে আয়ের দিক থেকে তিনিই বিশ্বের শীর্ষ খেলোয়াড়। শুধু খেলা দিয়ে নয়, খেলার বাইরে থেকেও অনেক আয় করেন রোনালদো। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেওয়া ছাড়াও রয়েছে নিজের ব্যবসা।

রোনালদোর সুগন্ধি কিংবা অন্তর্বাসের ব্যবসা সম্পর্কে অনেকেই জানেন। এবার নতুন ব্যবসায় নেমেছেন সিআরসেভেন। অনলাইনে ঘড়ি বিক্রির প্লাটফর্ম ‘ক্রোনো২৪’-এ টাকা বিনিয়োগ করেছেন সৌদি ক্লাব আল-নাসরের এই ফুটবলার।

‘ক্রোনো২৪’ প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানিটির কিছু অংশের শেয়ারের মালিক হয়েছেন রোনালদো। তবে শেয়ারের পরিমাণ কী সেটা জানানো হয়নি। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, ‘ক্রোনো২৪’-এর প্রতিষ্ঠাতা টিম স্ট্রাকের সঙ্গে রোনালদো দাঁড়িয়ে আছেন।

 

বিলাসবহুল ঘড়ির প্রতি রোনালদোর টান অনেক আগে থেকেই। তার সংগ্রহে রয়েছে রোলেক্স, কার্টিয়ার, ফ্রাঙ্ক মুলের, হাবলটের মতো দামি ঘড়ি। সবমিলিয়ে তার সংগ্রহে ৫০ লাখ পাউন্ড মূল্যের ঘড়ি আছে। যার মধ্যে একটি ঘড়ির দামই ১৬ লাখ পাউন্ড। সেটি হীরা দিয়ে খচিত।