স্টাফ রিপোর্টার।।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। অথচ রোগীদের চিকিৎসায় এখনও আলাদা ওয়ার্ড চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সাধারণ ওয়ার্ডেই চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা। হাসপাতালে নেই রক্তের প্লাটিলেট আলাদা করার যন্ত্রও। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের স্বজনকে। নগরীতে মশক নিধন কার্যক্রমেও নেই গতি। সিটি করপোরেশন এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানই শুরু করতে পারেনি।
খুমেক হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন ২১ ডেঙ্গু রোগী। তবে এ বছর খুলনায় ডেঙ্গুতে এখনও কারও মৃত্যু হয়নি। সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের কেউ মেঝেতে, কেউ শয্যায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের কেউ মশারির মধ্যে রয়েছেন, আবার কোনো কোনো রোগী রয়েছেন মশারির বাইরে। রোগী ও তাদের স্বজনরা জানান, আলাদা ওয়ার্ড চালু না করায় অন্য রোগীদের সঙ্গেই ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে। ফলে আক্রান্ত কাউকে মশায় কামড়ানোর পর অন্য কাউকে কামড়ালে তারও ডেঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ডেঙ্গু রোগীদের রক্তে প্লাটিলেট কমে গেলে তার রক্তক্ষরণ শুরু হয়। তখন শরীরে আলাদা প্লাটিলেট দেওয়া প্রয়োজন। কিন্তু খুমেক হাসপাতালে প্লাটিলেট সেপারেটর মেশিন না থাকায় এ জন্য প্রাইভেট ক্লিনিকগুলোর শরণাপন্ন হতে হচ্ছে তাদের।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করতে পৃথক জায়গা, শয্যা, চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল প্রয়োজন। এমনিতেই এসবের সংকট আছে। তবে প্রকোপ যদি বাড়ে, তখন আলাদা ওয়ার্ড চালু করা হবে। এ ছাড়া স্থাস্থ্য অধিদপ্তরে প্লাটিলেট সেপারেটর মেশিনের চাহিদা দেওয়া হয়েছে।
হাসপাতাল পরিচালক ডা. রবিউল হোসেন জানান, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২০ ভাগ স্থানীয়। বাকি ৮০ ভাগ রোগীর বাড়ি খুলনার বাইরে বিভিন্ন জেলায়। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকেন সাড়ে ১৩০০। শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী থাকায় অনেককে মেঝেতে রাখতে হয়। ওষুধের সরবরাহও অপ্রতুল।
এদিকে নগরীতে মশক নিধন কার্যক্রমে স্থবিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, কেসিসির মশক নিধন কার্যক্রম চলছে ধীরগতিতে। আগে কেসিসির পক্ষ থেকে নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হতো। এ বছর তাও করা হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, মশক নিধনে নগরীর ড্রেনগুলোতে লার্ভিসাইড ছিটানো হচ্ছে। যেসব বাড়ির ভেতরে ড্রেন কিংবা গাছপালা আছে, সেখানেও লার্ভিসাইড দেওয়া হয়। ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার কার্যক্রমও চলমান। তবু এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে সচেতন হতে এবং নিজস্ব উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।











































