আন্তর্জাতিক ডেস্ক।।
বামপন্থী নেতা লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উল্লেখযোগ্য হারে কমে গেছে আমাজন নিধন। সাবেক প্রেসিডেন্ট কট্টোর ডানপন্থী জইর বলসোনারোর আমলে রীতিমতো আমাজন ধ্বংসের উৎসব চলেছিল। তবে গত প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই অবস্থা বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন লুলা দা সিলভা। ক্ষমতায় বসেই নিজের কথার বাস্তবায়ন শুরু করেন তিনি।
বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, সিলভার ক্ষমতায় বসার প্রথম ছয় মাসেই বন ধ্বংসের হার ৩৩.৬ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থাৎ ২০২২ সালের প্রথম ছয় মাসে যে পরিমাণ আমাজন ধ্বংস হয়েছে, ২০২৩ সালে সেই ধ্বংসের মাত্রা এক-তৃতীয়াংশ কমে গেছে। ২০২২ সালে যেখানে প্রথম ছয় মাসে ৩ হাজার ৯৮৮ বর্গকিলোমিটার এলাকার বন ধ্বংস হয়েছে, ২০২৩ সালে হয়েছে ২ হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার বন।
সরকারের তরফ থেকে প্রমাণ হিসেবে স্যাটেলাইট চিত্র প্রকাশ করা হয়েছে। লুলা প্রতিশ্রুতি দিয়েছেন ২০৩০ সালের মধ্যেই তিনি বন ধ্বংস একেবারে বন্ধ করে দেবেন। যদিও এই লক্ষ্য অর্জন করতে গিয়ে ব্যাপক বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। গাছ কাটা কমিয়ে আনার পরেও প্রথম ছয় মাসে আমাজন যে পরিমাণ এলাকা হারিয়েছে তা নিউ ইয়র্ক শহরের তিন গুণ!
বলসোনারোর আমলে আমাজন ধ্বংস নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বড় ভূমিকা রাখছে আমাজন বন।
তবে এই বনের ক্রমশ ধ্বংস হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তন ঠেকানোর যুদ্ধকে কঠিন করে তুলছে। গত ১লা জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লুলা দা সিলভা। তিনি আগের সরকারের নীতি সব বদলে আমাজন রক্ষার নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া আমাজনের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিতেও বিশেষ আইন পাশ করেছেন তিনি।











































