আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়াতে অবস্থান করছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এমনটাই জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। যদিও ক্রেমলিনের সঙ্গে হওয়া তার চুক্তি অনুযায়ী বেলারুশে নির্বাসিত জীবন কাটানোর কথা ছিল প্রিগোজিনের। গত মাসের শেষ দিকে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন প্রিগোজিন। তবে এক দিনের মাথায়ই বিদ্রোহে ক্ষান্ত দিয়ে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন তিনি। বিদ্রোহ চলাকালে প্রিগোজিনকে শেষবারের মতো রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন শহরে দেখা গিয়েছিল। এর পর থেকে তার অবস্থান নিয়ে অনেক জল্পনা কল্পনা শোনা গেছে।
বিবিসি জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় ওই বিদ্রোহের অবসান ঘটেছিল। সমঝোতায় বলা হয় যে, ওয়াগনার প্রধানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেবে রাশিয়া। আর ওয়াগনার তার বিদ্রোহ থামিয়ে ইউক্রেনে নিজেদের পোস্টে ফেরত যাবে। তবে প্রিগোজিন যাবেন বেলারুশে।
লুকাশেঙ্কো নিজেও জানিয়েছিলেন যে, প্রিগোজিন বেলারুশ পৌঁছেছেন। কিন্তু বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, প্রিগোজিন সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশে নেই।
তিনি আরও বলেন, আমি যতো দূর জানি ওয়াগনারের বাকি যোদ্ধারা তাদের ঘাঁটিতেই অবস্থান করছে। ওয়াগনারের কিছু যোদ্ধাকে যে বেলারুশে আশ্রয় দেয়ার প্রস্তাব করা হয়েছিল সেটা এখনও বহাল আছে। তিনি তাদেরকে সাবেক সোভিয়েত আমলের বেশ কিছু সামরিক স্থাপনা ব্যবহার করারও প্রস্তাব দিয়েছেন। যদিও প্রিগোজিন ও তার যোদ্ধাদের বেলারুশে আশ্রয় দেয়ার বিষয়ে প্রতিবেশী ও ন্যাটোর সদস্য দেশগুলোর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। অনেকেই আশঙ্কা জানায় যে, ওয়াগনার হয়ত এখন বেলারুশ থেকে ইউক্রেনে আক্রমণ করবে। কিন্তু লুকাশেঙ্কো বলেন, ওয়াগনারের স্বপ্ন ভিন্ন। সে বিষয়ে নিশ্চয়ই আমি আপনাদের কিছু বলব না। তবে তাদেরকে স্থানান্তরের বিষয়টি এখনও সমাধান হয়নি।











































